‘তারকাখ্যাতি কাজে লাগিয়ে রাজনীতি করা উচিত নয়’
স্পোর্টস বিষয়ক ।।
আজ খেলোয়াড়দের মাসিক ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি ফারুক আহমেদ, সাবেক পরিচালক মাহবুব আনাম, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ আরও অনেকেই ছিলেন এই অনুষ্ঠানে।
ক্রিকেটারদের আসলে খেলা চলাকালীন অবস্থায় রাজনীতিতে আসা উচিত না—প্রধানমন্ত্রী তারেক রহমানের কথার সঙ্গে একমত কি না এই প্রশ্নের উত্তরে ফারুক বলেন, ‘আমি অবশ্যই মনে করি একমত। দুইটা জিনিস— আমি আমার ব্যক্তিগত অভিমত দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি তারটা বলেছেন। আমি মনে করি তারকাখ্যাতিকে কাজে লাগিয়ে রাজনীতি করা উচিত না।’
বিসিবির এই সহসভাপতি আরও বলেন, ‘রাজনীতি তো একটা মানুষের অধিকার। মনে করেন আপনি হয়তো কোনো না কোনো দলের সমর্থক। আপনি হয়তো কোনো দলের কর্মী না। আমাকে যদি বলেন, আমি একটা দলের সমর্থক, বাট আমি কিন্তু কোনো দলে নাম লেখাইনি। সো এরকম তো আপনি হবেনই, কেননা আপনার রাজনৈতিক মতাদর্শ থাকবে। তবে সত্যি আপনি যদি সিদ্ধান্ত গ্রহণের জায়গায় যেতে চান, খেলার সময় এটা একদম আইন করে বন্ধ করে দেওয়া উচিত। আমার মনে হয় তিনি যেটা বলেছেন আমি তার সঙ্গে একমত।’
খেলা ছেড়ে বরং রাজনীতিতে যোগ দেওয়া উচিত বলে মনে করেন ফারুক। বিসিবি সহসভাপতি আজ সাংবাদিকদের বলেন, ‘খেলা ছাড়ার পরে রাজনীতিতে আসার দুনিয়ায় অনেক উদাহরণ আছে। আপনি খেলা ছাড়বেন, এক সময় রাজনীতি করবেন। আমাদের কিছু খেলোয়াড় যাঁরা এই সমস্যায় ভুগছেন— আপনারা সবাই জানেন, নাম বলার প্রয়োজন মনে করি না আমি— এটা যাতে আর আমরা আগামীতে দেখতে না পাই।’
তথ্য সূত্র : যুগান্তর,,,,



Post Comment