Loading Now

ভারত-নিউজিল্যান্ড ফাইনালে গাইবেন ফাল্গুনি পাঠক-রিকি মার্টিন

অনলাইন ডেক্স ।।

গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কাল আরও একটি ফাইনাল। সেই ফাইনালে শিরোপার লড়াইয়ে নামবে স্বাগতিক ভারত। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ফাইনাল রঙিন করে তুলতে আয়োজক ভারত সব চেষ্টাই করছে। কাল ফাইনাল উৎসবমুখর করে তুলতে স্টেডিয়ামে গাইবেন বিশ্বখ্যাত পপ তারকা রিকি মার্টিন, ভারতের জনপ্রিয় শিল্পী ফাল্গুনি পাঠক ও সুখবীর সিং।

আন্তর্জাতিক তারকাদের উপস্থিতি ও ভারতীয় সংগীতের প্রাণবন্ত আবহ মিলিয়ে রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তিন শিল্পীর দারুণ এক পরিবেশনা হতে যাচ্ছ। অনুষ্ঠানের শুরুটা করবেন গুজরাটের জনপ্রিয় শিল্পী ফাল্গুনী পাঠক। তাঁর পারফরম্যান্সে থাকবে স্থানীয় সংস্কৃতির ছোঁয়া। পাঠকের জনপ্রিয় গানের সঙ্গে মঞ্চে থাকবেন ৫০ জন বলিউড নৃত্যশিল্পী। প্রাণবন্ত কোরিওগ্রাফির মাধ্যমে পুরো স্টেডিয়ামকে উৎসবমুখর পরিবেশে রূপ দেওয়া হবে।

এরপর মঞ্চে উঠবেন ‘ভাংরার যুবরাজ’ নামে পরিচিত সুখবীর। তাঁর পারফরম্যান্সেও থাকবে বড় দল নৃত্যশিল্পী ও পাঞ্জাবের ঐতিহ্যবাহী ঢোলের সুর। সবশেষে মঞ্চে উঠবেন আন্তর্জাতিক তারকা রিকি মার্টিন। দুইবার গ্র্যামি ও পাঁচবার ল্যাটিন গ্র্যামি বিজয়ী এই শিল্পী গাইবেন ফুটবল নিয়ে তাঁর বিখ্যাত গান ‘দ্য কাপ অব লাইফ’। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের কনসার্ট নিয়ে রিকি মার্টিন বলেছেন, ‘খেলাধুলা ও সংগীত মানুষের মধ্যে এক অনন্য বন্ধন তৈরি করে। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সেই যৌথ আবেগের উদযাপন। এত বড় একটি আয়োজনে অংশ নিতে পেরে আমি সম্মানিত বোধ করছি। স্টেডিয়ামে উপস্থিত দর্শক এবং সারা বিশ্বের কোটি ভক্তদের সঙ্গে এই টুর্নামেন্টের উত্তেজনা উদযাপন করতে উন্মুখ হয়ে আছি।’

নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে ভারতীয় সময় বিকেল ৩টা ৩০ মিনিটে। সমাপনী অনুষ্ঠানের পারফরম্যান্স শুরু হবে বিকেল ৫টা ৩০ মিনিটে এবং সন্ধ্যা ৭টায় শুরু হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।

Post Comment

YOU MAY HAVE MISSED