Loading Now

অপ্রাপ্য নথিতে জন্মনিবন্ধন না হওয়ায় ঝুঁকিতে শিশুরা: বরিশালে বাড়ছে পাচারের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল জেলায় জন্মনিবন্ধন প্রক্রিয়ায় জটিলতা এবং “অপ্রাপ্য অপশন” প্রয়োগ না হওয়ার কারণে হতদরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারের শিশুরা নাগরিক পরিচয় এবং প্রাপ্য নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এই পরিস্থিতি অভ্যন্তরীণ শিশু পাচার ও বাণিজ্যিক যৌন শোষণের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে উদ্বেগজনকভাবে।
মাঠপর্যায়ের অনুসন্ধানে জানা গেছে, দুই জেলাতেই অনেক ক্ষেত্রে জন্মনিবন্ধনকারী কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে বিকল্প পদ্ধতিতে (অপ্রাপ্য অপশন) নিবন্ধন করতে অনাগ্রহ দেখাচ্ছে। বিষয়টি নিয়ে আলাপকালে স্থানীয় নিবন্ধন কর্মকর্তারা জানান, এ বিষয়ে Office of the Registrar General থেকে তাদের কাছে কোনো স্পষ্ট নির্দেশনা বা অফিস আদেশ পৌঁছেনি। ফলে তারা ঝুঁকি এড়াতে এমন আবেদনগুলো গ্রহণ করছেন না।

তবে বাস্তবতা ভিন্ন চিত্র তুলে ধরছে। সংশ্লিষ্ট আইন ও নির্দেশিকা অনুযায়ী, নিবন্ধক প্রাপ্ত তথ্য যাচাই করে সন্তুষ্ট হলে বিকল্প প্রমাণের ভিত্তিতেও জন্মনিবন্ধন করার সুযোগ রয়েছে। কিন্তু মাঠপর্যায়ে এই বিধান কার্যকর না হওয়ায় জন্মনিবন্ধনবিহীন শিশুর সংখ্যা বাড়ছে, যা তাদেরকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে।

বিশেষজ্ঞরা বলছেন, জন্মনিবন্ধন না থাকলে শিশুরা সহজেই পরিচয়বিহীন হয়ে পড়ে, যা পাচারচক্রের জন্য বড় সুযোগ তৈরি করে। ইতোমধ্যে অভিযোগ উঠেছে, কিছু অসাধু নোটারি পাবলিক ও ফটোকপি দোকানের মাধ্যমে ভুয়া বা অনিয়মিত উপায়ে জন্মনিবন্ধন সনদ তৈরি করা হচ্ছে। এসব সনদ ব্যবহার করে শিশুদের দেশের ভেতরেই এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরবর্তীতে বাণিজ্যিক যৌন শোষণে ঠেলে দেওয়া হচ্ছে।

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, বরিশাল দীর্ঘদিন ধরেই অভ্যন্তরীণ শিশু পাচারের একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট এলাকা হিসেবে পরিচিত।
সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, “অপ্রাপ্য অপশন” কার্যকরভাবে প্রয়োগ করা গেলে অনেক শিশুকে ঝুঁকি থেকে রক্ষা করা সম্ভব। এর পাশাপাশি তাদের প্রাপ্য নাগরিক অধিকার ও সরকারি বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচীতে অন্তর্ভুক্তি নিশ্চিত করা সহজসাধ্য হবে। এজন্য মাঠপর্যায়ের নিবন্ধন কর্মকর্তাদের জন্য স্পষ্ট দিকনির্দেশনা, প্রশিক্ষণ এবং জবাবদিহিতা জরুরি।
এ বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। বিশেষ করে Office of the Registrar General থেকে স্পষ্ট সার্কুলার জারি এবং স্থানীয় পর্যায়ে তা বাস্তবায়ন নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে।

 

শিশু সুরক্ষা নিয়ে কাজ করা সংগঠনগুলোর মতে, জন্মনিবন্ধন শুধুমাত্র একটি প্রশাসনিক প্রক্রিয়া নয়; এটি একটি শিশুর পরিচয়, অধিকার এবং সুরক্ষার প্রথম ধাপ। এই ধাপটি ব্যাহত হলে, তার প্রভাব পড়ে শিশুর পুরো জীবনে।

Post Comment

YOU MAY HAVE MISSED