বিনোদন ডেক্স ।।
শুরু থেকেই ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিক নানা কারণেই আলোচনায় ছিল। দর্শকপ্রিয়তার বিষয়টি মাথায় রেখেই এই ধারাবাহিকটি পঞ্চম সিজন নিয়ে প্রচারে আসে। ধারাবাহিকভাবে ইউটিউব চ্যানেল, টেলিভিশন ও ওটিটিতে প্রচার হয়ে আসছে। তবে সম্প্রতি প্রচার হওয়া সিজন ৫-এর একটি এপিসোড নিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা হচ্ছে।
সামাজিক মাধ্যমে বেশ কিছু স্থিরচিত্র ছড়িয়ে পড়েছে। এসব স্থিরচিত্রে উঠে এসেছে কিছু হৃদয়স্পর্শী ও আবেগীয় দৃশ্য। স্থিরচিত্রে দেখা যায়, হাসপাতালে একজন তরুণী, তার বাবা, মা ও একজন যুবক। তরুণীর নাম আয়েশা তাবাসসুম ও যুবকের নাম মুসাফির সাঈদ বাচ্চু। ব্যাচেলর পয়েন্টের এই দৃশ্যে দেখা যায়, একটি সাধারণ গ্রামের হাসপাতালে বাচ্চুর বাবাকে ভর্তি করানো হয়েছে। বেড নেই, মেঝেতেই পাতা বেডে শুয়ে আছেন বাচ্চুর বাবা, পাশে মা ও তার বোন আয়েশা বাবার পরিচর্যা করছেন।
মূলত এই ধারাবাহিকে বাচ্চু একজন কোটিপতি মানুষ। তার অঢেল টাকা। টাকা কোথায় রাখবেন, সেটাও খুঁজে পান না। নিজে থাকেন আলিশান বাড়িতে। কিন্তু এমন একজন ধনবান পুত্রের পিতা হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিচ্ছেন, এটাই এই এপিসোডের প্রশ্নের বিষয়।
ধারাবাহিকের গল্প অনুযায়ী, বাচ্চু ‘লগে আছি ডটকম’ নামের একটি প্রতিষ্ঠান খুলে কোটি কোটি টাকা প্রতারণা করে আয় করেন। তাকে এ কারণে জেলেও যেতে হয়। টাকার অভাবে ভালো হাসপাতালে ভর্তি হবে না, তবুও পরিবার বাচ্চুর এই অবৈধ টাকা নেবে না। বাচ্চু হাসপাতালে গিয়ে মা ও বোনকে বুঝিয়ে বাবার ভালোভাবে চিকিৎসার চেষ্টা করতে থাকে।
মূলত এই দৃশ্যটিই দর্শকদের হৃদয় স্পর্শ করেছে। ফলে ভক্তরা এই এপিসোডের নানা দৃশ্যের স্ক্রিনশট শেয়ার করে নিজেদের প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে জানাচ্ছেন। অভিনয়ের প্রশংসা করছেন মুসাফির সাঈদ, আয়েশা তাবাসসুমের।
আয়েশা তাবাসসুম বলছেন, ‘আমি প্রথমবারের মতো ব্যাচেলর পয়েন্টের সঙ্গে যুক্ত হয়েছি। শুরুতেই আমার অভিনয় করা দৃশ্যটি দর্শকরা পছন্দ করেছেন, এটা আমার জন্য আনন্দের। আমি বুঝতে পারিনি ব্যাচেলর পয়েন্ট এতো পছন্দ করে মানুষ। আমি মানুষের উন্মাদনা উপভোগ করছি।’
কাজল আরেফিন অমির পরিচালনায় নির্মিত ‘ব্যাচেলর পয়েন্ট’-এর প্রতিটি চরিত্রই দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে এবং ব্যক্তিজীবনেও ব্যাপক পরিচিতি লাভ করেছে। অমি এই এপিসোডের কয়েকটি দৃশ্যের ছবি পোস্ট করে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
অভিনয় করেছেন দেশের জনপ্রিয় একঝাঁক তারকা অভিনয়শিল্পী, যাদের মধ্যে রয়েছেন চাষী আলম, মারজুক রাসেল, অর্চিতা স্পর্শিয়া, ফারিয়া শাহরিন, জিয়াউল হক পলাশসহ আরও অনেকে। সম্প্রতি যুক্ত হয়েছেন আয়েশা তাবাসসুম।