বিনোদন ডেক্স ।।
দীর্ঘ ১৫ বছর পর আবার একসঙ্গে পর্দায় দেখা যাবে বলিউড বাদশাহ শাহরুখ খান ও অভিনেত্রী কারিনা কাপুর খানকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত আসন্ন সিনেমা ‘কিং’-এ বিশেষ ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে।
২০২৬ সালের শেষটা কিং খানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রথমবার কন্যা সুহানাকে সঙ্গে নিয়ে পর্দায় পা রাখবেন বাদশাহ। যে সিনেমায় তারকার ছড়াছড়ি। এবার সেই তালিকায় যোগ হয়েছে ‘বেবো’র নাম। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’-এ শাহরুখের সঙ্গে একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে কারিনাকে।
শাহরুখ খানের এ সিনেমার গান যে অন্যতম আকর্ষণ হতে চলেছে, তা বলাই যায়। ‘অশোকা’, ‘ডন’, ‘রা-ওয়ান’-এর মতো সিনেমায় তারা একসঙ্গে কাজ করেছেন। তবে এবার এ তারকা জুটিকে এমনভাবে দেখা যাবে, যা আগে কখনো দেখেননি সিনেমাপ্রেমী দর্শকরা।
আগামী ২ নভেম্বর জন্মদিন বলি বাদশাহ শাহরুখ খানের। মনে করা হচ্ছে সেদিনই বড় চমক দেবেন নির্মাতারা। মা হওয়ার আগেই বিদেশে গিয়ে শুটিং সেরে এসেছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল নানা দৃশ্য। এবার সবাই মুখিয়ে শাহরুখ-কারিনা জুটির নানা টুকরো মুহূর্ত দেখার জন্য।
জানা গেছে, একটি গানের দৃশ্যে একসঙ্গে দেখা যাবে এ তারকা জুটিকে। চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের সঙ্গে ওই বিশেষ গানের শুটিং করবেন কারিনা কাপুর। শুটিংয়ের জন্য পাঁচ দিন সময় দিয়েছেন অভিনেত্রী। গানটি বড়মাপের আয়োজন করে তৈরি করা হচ্ছে বলেও একটি সূত্র জানিয়েছে।
‘ড্যাডি কুল’ নামে একটি গান বিশেষভাবে তৈরি করা হচ্ছে। এমনভাবে শাহরুখ ও কারিনাকে একসঙ্গে দেখা যাবে, যা আগে দর্শক দেখেননি। ‘কিং’-এর অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে এই গান। আর গানটিকে স্মরণীয় করে তুলতে কোনো খামতি রাখতে চাইছেন না নির্মাতারা।
এ গানটি একজন ভারতীয় ও একজন আন্তর্জাতিক শিল্পী গাইবেন। তবে তারা কারা, তা এখনো প্রকাশ্যে আনা হয়নি। গানটির সুর দিয়েছেন সচিন-জিগর।
উল্লেখ্য, ‘কিং’ সিনেমায় বাদশাহ শাহরুখ খান ছাড়াও দেখা যাবে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসী, রাঘব জুয়াল প্রমুখ।