সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
Logo

রাজাপুরে দোকান ও গোডাউনে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতি

/ ১২ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি ।।

ঝালকাঠির রাজাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ব্যবসায়ীর মুদি মনোহারি দোকান ও গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, চাল, চিনি, তেল, ফ্রিজসহ দোকানের সব মালামাল পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

শনিবার (২৮ নভেম্বর) ভোররাত ৩টার দিকে উপজেলার বড় কৈবর্তখালী ক্লাব বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর নাম রিপন সিকদার। তিনি ওই এলাকার করিম সিকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে হঠাৎ রিপন সিকদারের দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকান ও গোডাউনের অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রিপন সিকদার জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। রাত ৩টার দিকে বাজারের লোকজন ফোন করে দোকানে আগুন লাগার খবর দেন। দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, আগুনে তাঁর দোকান ও গোডাউন পুড়ছে। দোকানে নগদ ও বিকাশে প্রায় এক লাখ টাকা, ৫০ বস্তা চাল, চিনি, গোডাউনে রাখা তেল, মুদি মনোহারি পণ্য ও দুটি ফ্রিজ ছিল। এসব মালামাল পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, ‘দোকানে অটো সার্কিট দেওয়া ছিল। বিদ্যুৎ থেকে আগুন লাগেনি। রাতের আঁধারে কে বা কারা আগুন দিয়েছে, তা আমি দেখিনি। আমার সব শেষ হয়ে গেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি চাই।’

রাজাপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com