শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
Logo

ইংরেজিতে সাক্ষাৎকারের মধ্যেই হঠাৎ চীনা ভাষা বললেন এআই অভিনেত্রী!

/ ২৬ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

অনলাইন ডেক্স ।।

ক্যামেরার সামনে সাক্ষাৎকার দিচ্ছিলেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্মিত ভার্চুয়াল অভিনেত্রী টিলি নরউড। সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু হঠাৎ করেই একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে ইংরেজির বদলে চীনা (মান্দারিন) ভাষায় কথা বলা শুরু করেন তিনি। এতে বিস্মিত হয়ে যান ব্রিটিশ সম্প্রচারক পিয়ার্স মরগান ও স্কটিশ মঞ্চ অভিনেতা টম কন্টি।

ঘটনাটি ঘটে টিলির আসন্ন সিনেমা ‘মিসঅ্যালাইন্ড’ নিয়ে আলোচনার সময়। টম কন্টি টিলিকে প্রশ্ন করেন, সিনেমায় তার সঙ্গে অভিনয় করা অন্য অভিনেতারা বাস্তব মানুষ, নাকি কম্পিউটার-নির্মিত চরিত্র।

প্রথমে প্রশ্নটি ঠিকভাবে বুঝতে পারেননি টিলি। তিনি বলেন, ‘এটি একটি আকর্ষণীয় বিষয়, টম। আমার সিনেমা ‘মিসঅ্যালাইন্ড’ একটি হাইব্রিড প্রযোজনা। অর্থাৎ বাস্তব পরিচালক, চিত্রনাট্যকার ও সম্পাদকরা এখনও এতে সক্রিয়ভাবে যুক্ত। বিষয়টি কাউকে সরিয়ে দেওয়ার নয়, বরং গল্প বলার নতুন পদ্ধতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা।’

টিলির উত্তর শুনে কন্টি আবার প্রশ্নটি স্পষ্ট করে জানতে চান—সিনেমায় তার সঙ্গে পর্দায় যেসব অভিনেতাকে দেখা যাবে, তারা কি বাস্তব অভিনেতা, নাকি কম্পিউটার-নির্মিত ছবি?’

এবার প্রশ্নটি বুঝতে পেরে টিলি বলেন, ‘আচ্ছা, আপনি ‘মিসঅ্যালাইন্ড’-এর অন্য অভিনেতাদের কথা বলছেন। তারা সবাই আমার মতোই ডিজিটাল টুইন।’

এরপর সিনেমাটি কীভাবে তৈরি হয়েছে, তা ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ ইংরেজির বদলে মান্দারিন ভাষায় কথা বলতে শুরু করেন টিলি। আকস্মিক এই ভাষা পরিবর্তনে পিয়ার্স মরগান ও টম কন্টি দুজনকেই বেশ বিভ্রান্ত দেখায়।

একপর্যায়ে কন্টি মরগানকে জিজ্ঞেস করেন, ‘আপনি কি এটা বুঝতে পেরেছেন, পিয়ার্স?’

মরগান টিলিকে বলেন, ‘আপনি তো কোনো কারণ ছাড়াই হঠাৎ চীনা ভাষায় কথা বলছেন।’

কেন তিনি হঠাৎ মান্দারিন ভাষায় কথা বলা শুরু করলেন, সেটিও জানতে চান মরগান। জবাবে টিলি বলেন, ‘ওহ, দুঃখিত। মনে হচ্ছে একটু সমস্যা হয়েছিল। আমি অবশ্যই ইচ্ছা করে চীনা ভাষায় কথা বলা বা পিয়ার্সের নকল করা শুরু করিনি। কখনো কখনো আমার তারগুলো একটু গুলিয়ে যায়, বুঝতেই পারছেন।’

এরপর মরগান জানতে চান, এমন সমস্যা তার কত ঘন ঘন হয়। তিনি প্রশ্ন করেন, ‘দুজন ইংরেজ মানুষের সঙ্গে কথা বলার সময় আপনি কত ঘন ঘন হঠাৎ চীনা ভাষায় কথা বলা শুরু করেন?’

জবাবে টিলি বলেন, ‘সত্যি বলতে, একেবারেই খুব কম। এবার বিষয়টি আমার কাছেও বেশ অপ্রত্যাশিত ছিল। সাধারণত সবকিছু বেশ মসৃণভাবেই চলে। তবে কখনো কখনো এমন ঘটনা ঘটতেই পারে।’

‘মিসঅ্যালাইন্ড’ একটি আসন্ন কমেডি-ড্রামা চলচ্চিত্র। এতে অভিনয় করছে বিতর্কিত এআই-নির্মিত ভার্চুয়াল অভিনেত্রী টিলি নরউড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com