শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
Logo

খুলনায় ‘ব্লেড বাবুর’ স্ত্রীকে গুলি করে ও কুপিয়ে হত্যা

/ ২৮ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

অনলাইন ডেক্স ।।

খুলনা মহানগরীর লবণচরা থানাধীন জিন্নাহপাড়া এলাকায় খুশি (২৫) নামে এক নারীকে মায়ের সামনে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিন্নাহপাড়া বউ বাজার ৭ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।

নিহত খুশি ওই এলাকার বাসিন্দা সুমন সরদারের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

পরিবারের সদস্যদের ভাষ্য, সন্ধ্যায় বাজার শেষে খুশি তার মায়ের সঙ্গে রিকশায় করে বাসার গলির মাথায় আসেন। রিকশা থেকে নামার পর মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি খুশির কাছে তার স্বামী সুমন সরদারের অবস্থান জানতে চান। খুশি স্বামীর অবস্থান জানেন না বলে জানালে হামলাকারীদের একজন তাকে গুলি করে। এরপর অপর ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

 

খুশির মা গণমাধ্যমকে বলেন, “আমার সামনেই মেয়েকে গুলি করে এবং পরে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় খুশিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহতের স্বামী সুমন সরদার ‘ব্লেড বাবু’ নামে পরিচিত এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মাদক-সংশ্লিষ্ট অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডে কারা জড়িত এবং এর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com