আগৈলঝাড়া প্রতিনিধি ।।
বরিশালের আগৈলঝাড়ায় দুই যুবদল নেতার চাঁদাবাজির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ওই দুই নেতাকে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।
শনিবার (৪ জুলাই) দেওয়া নোটিশে তাদের তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশ সূত্রে জানা গেছে, উপজেলার যুবদল নেতা জসিম শাহ ও রিয়াজ পাইকের বিরুদ্ধে রত্নপুর ইউনিয়নের বাহেরঘাট বাজারে চাঁদাবাজির অভিযোগসংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির নজরে আসে।
এর পর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান মুন্সী এবং সদস্যসচিব মো. সাইফুল আলম শিপন ৪ জুলাই ভিডিওটি পর্যালোচনা করে তাদের কারণ দর্শানোর নোটিশ দেন। নোটিশে তাদের তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
উপজেলা যুবদলের সদস্যসচিব মো. সাইফুল আলম শিপন বলেন, তাদের লিখিত জবাব পাওয়ার পর সাংগঠনিক বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে যুবদল নেতা জসিম শাহ ও রিয়াজ পাইক সাংবাদিকদের বলেন, আমরা এ ধরনের কোনো ঘটনার সঙ্গে জড়িত নই। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে।