নিজস্ব প্রতিবেদক ।।
সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, শিশু বিবাহ এবং নারী নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে দুমকী উপজেলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন দুমকী উপজেলার নির্বাহী অফিসার আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন মু: অলিউল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার, শাহিদা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা, সৈয়দ ফারুক হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকতা, মোঃ ইমরান হোসেন উপজেলা কৃষি কর্মকতা।
এসইউভিও’র নির্বাহী পরিচালক হাছিনা বেগম নীলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিষয় ভিত্তিক ধারনাপত্র পাঠ করেন,প্রজেক্ট ফিল্ড অফিসার পারভিন বেগম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোসা: কামরুন নাহার, সাংবাদিক এবাদুল হক, জাহিদুল ইসলাম, সংকর চন্দ্র মিত্র, নারী সংগঠক মোসা: খাদিজা বেগম, শ্রীরামপুর ইউনিয়নের সভাপতি মোঃ আমিনুল ইসলামসহ দাতা সংস্থা জিএফএ কনসাল্টিং গ্রুপ এবং মানুষের জন্য ফাউণ্ডেশনের অর্থায়নে, উই ক্যান এর সহযোগিতায় পরিচালিত নাগরিক প্রকল্পের আওতায় এসইউভিও সংস্থা এই সংলাপ অনুষ্ঠানটি আয়োজন করে। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় ইউপি মেম্বার, শিক্ষক, সমাজসেবক, সাংবাদিক, শিক্ষার্থী ও নাগরিক প্রকল্পের আওতায় নাগরিক ফোরামের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সংলাপ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের কাছ থেকে আসা বিভিন্ন সুপারিশ প্রস্তাবের মধ্যে রয়েছে সরকারী সেবা প্রাপ্তির পদ্ধতি সহজতর করা, বেশি বেশি প্রচারনা চালনো, শিশু বিবাহ রোধে অভিভাবকদের সাথে কাজ করা, শিশু শিক্ষা নিশ্চিত করা, যৌতুক বন্ধ করা, যৌন হয়রানী ও ধর্ষন রোধে শিশুদের সাথে কাজ করা, নারী নির্যাতন প্রতিরোধে দেশে প্রচলিত আইন ও হটলাইন সম্পর্কে প্রচার করতে বলা হয়।