বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
Logo

পেনশন পেতে আর দৌড়ঝাঁপ নয়, আসছে অনলাইন ট্র্যাকিং

/ ২৪ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬

অনলাইন ডেক্স ।।

অবসরের পর পেনশন পেতে অনেক সরকারি কর্মচারীকেই দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে বারবার যাতায়াত করতে হয়। আবেদনপত্র যাচাই, প্রয়োজনীয় নথি সংগ্রহ, ফাইলের অবস্থান জানা এবং অনুমোদনের অপেক্ষায় অনেক সময় মাসের পর মাস ভোগান্তি পোহাতে হয়। এসব জটিলতা কমিয়ে পেনশন সেবাকে দ্রুত, স্বচ্ছ ও নাগরিকবান্ধব করতে অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম (ওপিটিএমএস) চালু করতে যাচ্ছে সরকার।

নতুন এ ব্যবস্থার মাধ্যমে পেনশন আবেদন জমা দেওয়া, প্রয়োজনীয় কাগজপত্র আপলোড, আবেদন কোন্ পর্যায়ে রয়েছে তা জানা এবং অনুমোদনের অগ্রগতি অনুসরণ —সবকিছুই অনলাইনে করা যাবে। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি কমবে হয়রানি ও অপ্রয়োজনীয় অফিস যাতায়াত।

মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা পেনশন সংক্রান্ত কাজে প্রায়ই বিলম্ব, প্রক্রিয়াগত জটিলতা এবং অপ্রয়োজনীয় অফিস যাতায়াতের মুখোমুখি হন। ওপিটিএমএস পুরোপুরি চালু হলে তাঁরা ডিজিটাল পদ্ধতিতে আবেদন জমা দিতে এবং আবেদনের অগ্রগতি অনুসরণ করতে পারবেন। এতে দ্রুততম সময়ে পেনশন প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারি অফিসে না গিয়ে অনলাইনে সেবা পাওয়া গেলে তা দুর্নীতি কমানোর একটি কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করবে। একই সঙ্গে সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন ব্যবস্থার আওতায় অবসরোত্তর ছুটিতে যাওয়ার প্রায় ১১ মাস আগেই কর্মচারীরা এসএমএসের মাধ্যমে নোটিফিকেশন পাবেন। এরপর তাঁরা অনলাইনে আবেদন জমা দিতে, প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে এবং আবেদন কোন্ পর্যায়ে রয়েছে তা তাৎক্ষণিকভাবে জানতে পারবেন। একই প্ল্যাটফর্মে কল্যাণ কর্মকর্তা ও মঞ্জুরিকারী কর্তৃপক্ষও ফাইল প্রক্রিয়া করবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং হিসাব মহানিয়ন্ত্রক এস এম রেজভী।

সভাপতির বক্তব্যে মো. এহছানুল হক বলেন, দীর্ঘদিন ধরে সমন্বিত কর্মচারী ডেটাবেসের অভাবে পেনশন মঞ্জুরির প্রক্রিয়া জটিল হয়ে উঠেছিল। হালনাগাদ তথ্যভান্ডার গড়ে তোলা গেলে পেনশন অনুমোদনের কাজ আরও সহজ ও দ্রুত হবে। তিনি পেনশনভোগীদের জন্য পৃথক হেল্প ডেস্ক স্থাপনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, অবসরের পর অনেক পেনশনভোগী বিভিন্ন জটিলতার কারণে অসহায় অবস্থায় পড়েন। ওপিটিএমএস ঝামেলামুক্ত সেবা নিশ্চিত করে তাঁদের আস্থা বাড়াবে। তিনি জানান, প্রথম পর্যায়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারীদের নিয়মিত পেনশন মামলার ক্ষেত্রে এ ব্যবস্থা পাইলট আকারে চালু হবে। পরে এটি অর্থ বিভাগ, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, বিভিন্ন মন্ত্রণালয়, সংযুক্ত দপ্তর এবং মাঠপর্যায়ের কার্যালয়ে সম্প্রসারণ করা হবে।

কর্মশালায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, ওপিটিএমএস আইবাস++ প্ল্যাটফর্মের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে। এর মাধ্যমে চাকরির রেকর্ড ও আর্থিক তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করা হবে। ফলে হাতে তথ্য প্রবেশের প্রয়োজন কমবে এবং প্রক্রিয়াগত ভুলও হ্রাস পাবে।

বর্তমানে ইএফটির মাধ্যমে পেনশন প্রদান, লাইফ ভেরিফিকেশন এবং পেনশন পেমেন্ট স্টেটমেন্টসহ বেশ কয়েকটি সেবা ইতিমধ্যে ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হয়েছে। ওপিটিএমএস চালু হলে পেনশন ব্যবস্থাপনার অপেক্ষাকৃত জটিল অবসর-পূর্ব ধাপও ডিজিটাল হবে। এর ফলে দ্রুত, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক পেনশন সেবা নিশ্চিত করার ক্ষেত্রে নতুন এ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com