নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল সদর উপজেলার চরমোনাইতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে গীলাতলি আশ্রয়ন প্রকল্প সংলগ্ন বালুর মাঠে অনুষ্ঠিত খেলায় নাসির আদর্শ সমাজসেবা সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুরুল আমিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাস।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ জিয়াউল করিম, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ হারুন আর রশিদ, সদস্য ক্যাপ্টেন (অবঃ) আলাউদ্দিন হাওলাদার, বিএম কলেজের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আব্দুল আলিম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী এ্যাটর্নি জেনারেল এ্যাডঃ আশাদুজ্জামান খান জুয়েল, বরিশাল জর্জ কোর্টের আইনজীবী মোঃ জাকির হোসেন, গিলাতলি নাসির আদর্শ সমাজ সেবা সঙ্ঘের সাবেক সভাপতি আঃ হালিম খান বাদল। অনুষ্ঠানটি পরিচালনা করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারন সম্পাদক তানভীর আহম্মেদ সোহেল।
ফাইনাল খেলায় অংশ নেয় ভিক্টোরিয়া এফসি বনাম বনাম ইউনিয়ন একাদশ। খেলাটি গোলশূন্যে ড্র হয়। পরে টাইব্রেকার ৩-২ গোলে ভিক্টোরিয়া এফসি বিজয়ী হয়।
পরে অতিথিরা চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ফাইনাল খেলাটি এলাকার শতশত ক্রীড়াপ্রেমী দর্শক উপভোগ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব নুরুল আমিন বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং মাদক ও বিভিন্ন অপরাধ থেকে তরুণদের দূরে রাখতে সহায়তা করে।