শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
Logo

বাবুগঞ্জে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, মহাসড়ক অবরোধ

/ ১৫৮ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বাবুগঞ্জ প্রতিনিধি ।।

মাদরাসায় যাওয়ার পথে ঢাকা-বরিশাল মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় ক্বারী রেহানা বেগম (৪৫) নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার পশ্চিম রাকুদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান।

নিহত রেহানা বেগম রাকুদিয়া দাখিল মাদরাসার সহকারী মৌলভী হিসেবে কর্মরত ছিলেন। তার স্বামী মাওলানা নাসির উদ্দিন একই মাদ্রাসার সুপার।

দুর্ঘটনার প্রতিবাদে নিরাপদ সড়ক নিশ্চিত করা, দায়ী চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং মহাসড়কে বেপরোয়া গতি নিয়ন্ত্রণের দাবিতে মাদ্রাসার শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে প্রায় একঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

স্থানীয় ও মাদরাসা সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল শহরের বাসা থেকে মাহিন্দ্রাযোগে মাদ্রাসার উদ্দেশে রওনা হন রেহানা বেগম। বাবুগঞ্জের নতুনহাট এলাকায় মাহিন্দ্রা থেকে নেমে মহাসড়ক পার হয়ে মাদ্রাসায় প্রবেশের সময় ঢাকা থেকে বরিশালগামী লাবিবা কোম্পানির ‘আহনাফ পরিবহন’ নামের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।

মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

রেহানা বেগমের মৃত্যুর খবর মাদরাসায় পৌঁছালে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে পুলিশ লাবিবা কোম্পানির কয়েকটি বাস আটক করলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। এরপর মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষিকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com