শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
Logo

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক কে হচ্ছেন

/ ৩৯ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

স্পোর্টস ডেক্স ।।

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায় এখনো শেষ হয়নি। আগামী মাসে আরও একবার আর্জেন্টিনার আকাশী-নীলের জার্সিতে মাঠে নামবেন তিনি। কিন্তু যে মেসি এত দিন আর্জেন্টিনা দলকে নেতৃত্ব দিয়েছেন, এবার তাঁর বিকল্প তো খুঁজতে হবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ)। নতুন অধিনায়কের নাম জানালেন কোচ লিওনেল স্কালোনি।

৬ অক্টোবর বেনিন ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ইতি টানবেন মেসি। কিন্তু তাঁর বিদায়ী ম্যাচের আগেই স্কালোনি নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছেন। এএফএ ট্রেনিং কমপ্লেক্সে গতকাল সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ বলেন, ‘অধিনায়ক হবে কুটি (ক্রিস্তিয়ান রোমেরো)। লিও (মেসি) এবং ওতার (নিকোলাস ওতামেন্দি) পর সে এরই মধ্যে তৃতীয় অধিনায়ক ছিল।’

আর্জেন্টিনার বাজপাখি নামে পরিচিত এমিলিয়ানো মার্তিনেসকেও সম্ভাব্য অধিনায়ক মনে করেছিলেন স্কালোনি। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২২ ফিনালিসিমা, ২০২৪ কোপা আমেরিকা—আলবিসেলেস্তেদের এই চার শিরোপা জয়ে মার্তিনেসের অবদান অনেক। বিশেষ করে টাইব্রেকারে প্রতিপক্ষের নিশ্চিত অনেক আক্রমণ ঠেকাতে সিদ্ধহস্ত।

মেসির দেহরক্ষী নামে পরিচিত রদ্রিগো দি পল, লাউতারো মার্তিনেসের নামও আর্জেন্টিনার ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে উল্লেখ করেন স্কালোনি। ২০২৬ ফুটবল বিশ্বকাপে মেসির অ্যাসিস্টে গোলও করেন লাউতারো। তবে দুই মার্তিনেস ও দি পল ছাপিয়ে আর্জেন্টিনার নতুন অধিনায়ক হিসেবে স্কালোনি একজনকেই যোগ্য মনে করেছেন। এএফএ কমপ্লেক্সে আর্জেন্টিনা কোচ বলেন, ‘এমিলিয়ানোও (মার্তিনেস) আর্মব্যান্ড পরতে পারে। রদ্রিগো দি পল এখানে দুটি ম্যাচে খেলবে না। সেও অধিনায়ক হতে পারে। লাউতারো মার্তিনেসও আর্মব্যান্ড পরতে পারে। তবে কুটিই সঠিক ব্যক্তি।’ মেসির অ্যাসিস্টে ২০২৬ ফুটবল বিশ্বকাপে গোল করেন ওতামেন্দি।

গত পাঁচ বছরে আর্জেন্টিনা চার শিরোপা জিতেছে মেসি-স্কালোনি জুটিতে। ২০১৮ থেকে আর্জেন্টিনার কোচের দায়িত্বে থাকা স্কালোনির সঙ্গে মেসির দারুণ বোঝাপড়া গড়ে ওঠে। তাঁর বিদায়ী ম্যাচ সম্পর্কে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন স্কালোনি। আর্জেন্টিনার কোচ বলেন, ‘আমার জন্য তাকে কোচিং করাতে পারা ছিল চূড়ান্ত অভিজ্ঞতা। এটা ছিল স্বপ্নের মতো। আমি তাকে সেটা বলেছি এবং সারা জীবন বলে যাব। তার মতো আর কেউ কখনো আসবে না। এমন একজন খেলোয়াড় খুব কমই আসে। শুধু মাঠে সে যা করে তার জন্য নয়, মাঠের বাইরেও সে যা প্রকাশ করে, তার জন্য। এটা উপভোগ করি।’

এবারের ১৬ দিনের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা তিন ম্যাচ খেলবে। ৩০ সেপ্টেম্বর মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে হবে আর্জেন্টিনা-বলিভিয়া ম্যাচ। লিওনেল স্কালোনির দলের পরের দুই ম্যাচের ভেন্যু মনুমেন্তাল স্টেডিয়াম। ২ ও ৬ অক্টোবর আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ বুরকিনা ফাসো ও বেনিন। মেসি শুধু ৬ অক্টোবরই খেলবেন।

ডায়েরির তিনটি ছেঁড়া পাতা, একটি সোনালি কলম—গত ৩১ আগস্ট সামাজিক মাধ্যমে এমন একটি ছবি পোস্ট করে আবেগঘন পোস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দেন মেসি। পুরো বিশ্বে যেন তখন ভূকম্পন অনুভূত হয়। গত ২১ বছরে আর্জেন্টিনার জার্সিতে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ৬৮ গোলে। ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২২ ফিনালিসিমা, ২০২১ কোপা আমেরিকা, ২০২৪ কোপা আমেরিকা—আর্জেন্টিনার জার্সিতে এই চার শিরোপা জিতেছেন মেসি। অবসরের ঘোষণা দেওয়ার ৩৬ দিন পর আন্তর্জাতিক ফুটবলে শেষ ম্যাচ খেলতে নামছেন আর্জেন্টাইন তারকা।

মেসির আগে অবসরের ঘোষণা দেন ওতামেন্দি। ২৩ জুলাই সামাজিকমাধ্যমে আর্জেন্টিনা দল থেকে ওতামেন্দি বিদায় নিয়েছেন। জাতীয় দল থেকে অবসর নেওয়ার পরও তাঁকে বিশেষভাবে দলে ডাকা হয়েছে। ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মেসি ও তাঁর দীর্ঘদিনের বন্ধু ওতামেন্দি বিদায়ী ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com