আলোচনা নিয়ে ‘সুখবর’ দিতে চান ট্রাম্প, তিন বাধার কথা জানাল ইরান
অনলাইন ডেক্স ।।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা নিয়ে ‘সুখবর’ শুক্রবারের মধ্যেই আসতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে ইসলামাবাদে সম্ভাব্য আলোচনা নিয়ে এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি।
অন্যদিকে আলোচনার পথে তিন বাধার কথা জানিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ সংলাপ ও সমঝোতাকে স্বাগত জানায় এবং তা অব্যাহত রেখেছে। তবে ‘প্রতিশ্রুতি ভঙ্গ, অবরোধ এবং হুমকি প্রদান এই তিনটি বিষয় প্রকৃত আলোচনার প্রধান বাধা।’
যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে পেজেশকিয়ান তার বক্তব্যের শেষে লিখেছেন, ‘বিশ্ব তোমাদের অন্তহীন কপট কথাবার্তা এবং দাবি ও কাজের মধ্যকার বৈপরীত্য দেখতে পাচ্ছে।’
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ লিখেছেন, ‘নৌ-অবরোধ করে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘন না করলে এবং জায়নবাদীদের (ইসরায়েল) সব ফ্রন্টের যুদ্ধংদেহী মনোভাব বন্ধ হলেই একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অর্থবহ হয়।’
গালিবাফ আরও লিখেছেন, ‘যুদ্ধবিরতির এমন চরম লঙ্ঘনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব নয়।’



Post Comment