শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
Logo

আল-জাজিরার বিশ্লেষণ : ক্ষমতায় থাকতে বেপরোয়া নেতানিয়াহু, উত্তাল ইসরাইল

/ ২৩ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

অনলাইন ডেক্স ।।

গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর থেকেই ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধীদের চাপে ফেলেছেন এবং ভোটের ফল নিয়ে প্রশ্ন তুলছেন। গাদি আইজেনকোটের নেতৃত্বে বিরোধী জোট সরকার গড়তে পারলে দীর্ঘদিনের এই নেতার ক্ষমতা ছাড়তে হতে পারে।

বিরোধী জোট সরকার গঠনে ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী আরব দলগুলোর সাহায্য নিতে পারে। এই সুযোগে নেতানিয়াহু আরব দলগুলোর বদনাম করছেন এবং নির্বাচনে কারচুপির ভিত্তিহীন অভিযোগ আনছেন। বিশ্লেষকদের মতে, তার এই আচরণে ডানপন্থী বিক্ষোভকারীরা গৃহযুদ্ধের হুমকি দিচ্ছে। আবার সমালোচকদের দাবি, গদিতে টিকে থাকতে তিনি ইচ্ছাকৃতভাবে ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছেন।

অন্যদিকে, নেতানিয়াহুর ঘনিষ্ঠ ডেভিড জিনির নেতৃত্বাধীন গোয়েন্দা সংস্থা শিন বেত বিদেশি হস্তক্ষেপের সন্দেহে পাঁচজন আরব আইনপ্রণেতার ফোনে আড়িপাতার এবং নির্বাচনের দিন ফিলিস্তিনি বংশোদ্ভূত রাজনীতিবিদদের গ্রেফতারের অনুমতি চেয়েছিল। অ্যাটর্নি জেনারেল সে অনুমতি দেননি। বিরোধী নেতা ইয়ার লাপিদ ও ইউসেফ জাবারিন এই ঘটনাকে ‘অভ্যুত্থানের চেষ্টা’ বলেছেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর দপ্তর থেকেই ভোট কেনার ভুয়া অভিযোগ তৈরি করা হয়েছিল কি না, পুলিশ তা খতিয়ে দেখছে।

বিশ্লেষকদের ধারণা, ক্ষমতা হারালে নেতানিয়াহুর সুনাম ও স্বাধীনতা দুটোই বড় ঝুঁকিতে পড়বে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে সরকারের গাফিলতি নিয়ে রাষ্ট্রীয় তদন্তের দাবি জোরালো হচ্ছে। তা ছাড়া ২০১৯ সাল থেকে ঘুষ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের তিনটি দুর্নীতি মামলায় তার বিচার চলছে, যা প্রধানমন্ত্রীর পদ ধরে রাখায় বারবার আটকে গেছে। দোষী হলে তার ১০ বছর পর্যন্ত জেল হতে পারে। লন্ডনের কিংস কলেজের বিশ্লেষক আহরন ব্রেগম্যান বলেন, হারলে নেতানিয়াহুর ব্যক্তিগত বিপদ বাড়বে, কারণ প্রধানমন্ত্রীর পদই তার ঢাল।

এই টানাপোড়েনে ইসরাইলে সহিংসতার ভয় বেড়েছে। ভোটের পর ডানপন্থী বিক্ষোভকারীরা আইজেনকোটের বাড়ির সামনে গিয়ে তাকে ‘বিশ্বাসঘাতক’ বলে শাসিয়েছে, যেন তিনি আরব দলগুলোর সঙ্গে জোট না বাঁধেন। এমনকি হাইফার সাবেক রাব্বিনিক্যাল আদালতের প্রধান রাব্বি গেদালিয়া অ্যাক্সেলরড এক খোলা চিঠিতে ‘দিন রোদেফ’ নামের ধর্মীয় বিধির কথা তুলেছেন—১৯৯৫ সালে সাবেক প্রধানমন্ত্রী আইজ্যাক রবিনকে হত্যার সময় একই যুক্তি দেখানো হয়েছিল। বামপন্থী এমপি ওফার কাসিফের মতে, সরকার গঠনে দেরি হলে সহিংসতা আরও বাড়তে পারে।

চ্যাথাম হাউসের বিশেষজ্ঞ ইয়োসি মেকেলবার্গ মনে করেন, নেতানিয়াহু এখন নিজের বাঁচামরার লড়াইয়ে নেমেছেন। নিজের সুনাম বা আশপাশের লোকজনের কী হলো, সেসব নিয়ে ভাবার সময় তার নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com