শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
Logo

উজিরপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ

/ ৩৮ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

উজিরপুর প্রতিনিধি ।।

বরিশালের উজিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার বাসস্ট্যান্ড-সংলগ্ন কার্যালয়ে দুর্বৃত্তরা তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে কার্যালয়ের সিঁড়িতে বিস্ফোরণ ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি গ্রামীণ ব্যাংকের ওই কার্যালয়ের সামনে এসে থামেন। এ সময় তাঁরা কাচের বোতলে তৈরি তিনটি পেট্রলবোমা কার্যালয়ের সিঁড়িতে নিক্ষেপ করেন। বিস্ফোরণের শব্দে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন বেরিয়ে আসার আগেই হামলাকারীরা মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

উজিরপুর উপজেলা যুবদলের সভাপতি মো. আজাদ জানান, ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কের উত্তর দিক থেকে মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ব্যাংক কার্যালয়ে পেট্রলবোমার বিস্ফোরণ ঘটায়। পরে তারা দক্ষিণ দিকে পালিয়ে যায়।

স্থানীয় বাজারের ব্যবসায়ী মো. সেলিমও একই ধরনের তথ্য জানিয়েছেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। পাশাপাশি উপজেলার গ্রামীণ ব্যাংকের অন্যান্য শাখা ও কার্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কী কারণে কার্যালয়টিতে এ হামলা চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com