শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
Logo

উৎপাদন ঘাটতি: প্রথমবার ভারত থেকে ইলিশ আমদানি!

/ ৬০ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

অনলাইন ডেক্স ।।

প্রতিবার বাংলাদেশ থেকে জাতীয় মাছ ইলিশ প্রতিবেশী দেশ ভারতে গেলেও এবার ঘটেছে উল্টো ঘটনা। দেশের বাজারে ইলিশের জোগান কমে যাওয়ায় এবার প্রথমবারের মতো ভারত থেকে ইলিশ আমদানি করা হয়েছে। গত দুই মাসে ভারতের গুজরাতের ভরুচ এবং পশ্চিমবঙ্গের হাওড়া পাইকারি মাছবাজার থেকে প্রায় ৫০০ মেট্রিক টন ইলিশ বাংলাদেশে এসেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

শনিবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে এ বছর ইলিশের উৎপাদন কমে যাওয়ায় ঘাটতি মেটাতে ভারত থেকে মাছ আমদানি করছেন ব্যবসায়ীরা। আমদানি করা ইলিশের একটি অংশ দেশে বিক্রির পাশাপাশি প্রক্রিয়াজাত করে বিদেশেও পাঠানো হচ্ছে।

হাওড়া পাইকারি ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ বলেন, সাধারণত বাংলাদেশ থেকে ভারতে বোয়াল, রুই, পারশে ও ট্যাংরাসহ বিভিন্ন মাছ যায়। কিন্তু এবার বাংলাদেশে ইলিশের ঘাটতি থাকায় প্রথমবারের মতো ভারত থেকে বাংলাদেশে ইলিশ পাঠানো হয়েছে।

তার দাবি, বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেটের বাজারে ডিমওয়ালা ইলিশের চাহিদা বেশি। গুজরাতে ডিমওয়ালা ইলিশ বেশি পাওয়া যাওয়ায় সেখান থেকেই বাংলাদেশে মাছ পাঠানো হচ্ছে। আমদানি করা ইলিশের ডিমও আলাদা করে বাংলাদেশে বিক্রি হচ্ছে বলে জানান তিনি।

আনন্দবাজারের প্রতিবেদনে আরও বলা হয়, গুজরাত থেকে আসা ইলিশ প্রক্রিয়াজাত করে বিদেশে রফতানি করা হচ্ছে। পাশাপাশি কিছু ইলিশ শুকিয়ে নোনা ইলিশ হিসেবেও বাংলাদেশের স্থানীয় বাজারে বিক্রি করা হচ্ছে।

বিশ্বের মোট ইলিশের বড় অংশ বাংলাদেশে আহরণ করা হলেও চলতি মৌসুমে ইলিশের জোগান কমেছে। এর প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। ফলে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ব্যবসায়ীদের একটি অংশ ভারত থেকে ইলিশ আমদানির পথে হাঁটছেন বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে।

এদিকে প্রতি বছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ যাওয়ার বিষয়টি দুই বাংলায় আলোচনায় থাকে। সাম্প্রতিক বছরগুলোতে সীমিত পরিমাণে ইলিশ ভারতে গেলেও এবার সেই জোগান নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

ভারতীয় ব্যবসায়ীদের পক্ষ থেকেও বাংলাদেশ সরকারের কাছে ইলিশ রফতানির আবেদন করা হয়েছে বলে আনন্দবাজারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ বছর বাংলাদেশ থেকে ভারতে কত ইলিশ যাবে, কিংবা আদৌ যাবে কি না—তা এখনো স্পষ্ট নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com