Loading Now

কলাপাড়ায় জেলা জজ ও যুগ্ম জেলা দায়রা জজ আদালতের কার্যক্রম উদ্বোধন

কলাপাড়া প্রতিনিধি ।।

দীর্ঘ এক শতাব্দীরও বেশি সময় পর পটুয়াখালীর কলাপাড়ায় চালু হয়েছে যুগ্ম জেলা জজ ও যুগ্ম জেলা দায়রা জজ আদালতের কার্যক্রম। এতে করে বিচারপ্রার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আজ বৃহস্পতিবার সকালে কলাপাড়া চৌকি আদালত ভবনে আনুষ্ঠানিকভাবে এই দুই আদালতের কার্যক্রম উদ্বোধন করেন ভারপ্রাপ্ত বিচারক মেহেদী হাসান।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি আদালত দুটি পটুয়াখালী জেলা সদর থেকে কলাপাড়ায় স্থানান্তর করা হয়।

এদিন উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় আইনজীবী, বিচারপ্রার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার মানুষকে দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচার পেতে জেলা শহরে যেতে হতো, যা ছিল সময়সাপেক্ষ ও ব্যয়বহুল।

স্থানীয় আইনজীবীরা জানান, নতুন এই আদালত চালুর ফলে এখন থেকে দুই উপজেলার মামলার বিচার কার্যক্রম স্থানীয়ভাবেই সম্পন্ন হবে। এতে বিচারপ্রার্থীদের সময় ও খরচ দুটোই কমবে এবং বিচারপ্রাপ্তি সহজ হবে।

কলাপাড়া উপজেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন বলেন, ‘এটি আমাদের এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। আদালতের কার্যক্রম শুরু হওয়ায় সাধারণ মানুষ এখন দ্রুত ও সহজে ন্যায়বিচার পাবে।’

সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিচারিক সেবার মান উন্নত হবে এবং সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে।

Post Comment

YOU MAY HAVE MISSED