কুয়াকাটা প্রতিনিধি ॥
সাগরকন্যা খ্যাত পটুয়াখালীর কুয়াকাটায় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকদের জন্য দর্শনীয় স্থান ও নামাজের সুবিধা নিশ্চিত করতে তিনতলা বিশিষ্ট একটি নান্দনিক মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে কুয়াকাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে মসজিদটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।
কুয়াকাটায় প্রথমবারের মতো ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের বিনিয়োগে নির্মিতব্য এই মডেল মসজিদটি পর্যটক ও স্থানীয় মুসল্লিদের জন্য আধুনিক ধর্মীয় স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে। যেখানে একদিকে থাকবে সমুদ্র উপভোগের মনোরম পরিবেশ, অন্যদিকে নামাজ আদায়ের জন্য থাকবে উন্নত ব্যবস্থা। স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)-এর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিরাজ, ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের ইঞ্জিনিয়ার আল-আমিন হোসেন, বাংলাভিশন ডিজিটালের কুয়াকাটা প্রতিনিধি আবুল হোসেন রাজু, কালবেলার মহিপুর প্রতিনিধি আল-আমিন অনিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় বাসিন্দা ফারক হাওলাদার বলেন, কুয়াকাটায় পর্যটকদের জন্য এমন একটি নান্দনিক মসজিদ নির্মাণের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এটি ধর্মীয় অনুশীলনের পাশাপাশি পর্যটনেরও নতুন আকর্ষণ হয়ে উঠবে।
টোয়াকের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিরাজ বলেন, কুয়াকাটায় প্রতিদিন অসংখ্য পর্যটক আসেন। তাদের জন্য এমন একটি আধুনিক মসজিদ নির্মিত হলে ধর্মীয় সুবিধার পাশাপাশি এটি পর্যটনের নতুন মাত্রা যোগ করবে।
যশোর থেকে আগত পর্যটক মেহেদী সুমন বলেন, সমুদ্র দেখতে এসে যদি সুন্দর পরিবেশে নামাজ আদায়ের সুযোগ পাওয়া যায়, তাহলে সেটি নিঃসন্দেহে আমাদের জন্য বাড়তি প্রাপ্তি।
ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক বলেন, আমাদের লক্ষ্য হালাল টুরিজমকে এগিয়ে নেওয়া। এই মডেল মসজিদটি পর্যটক ও স্থানীয়দের নামাজ আদায়ের জন্য নির্মাণ করা হচ্ছে। আমরা চাই, কুয়াকাটায় আসা প্রতিটি পর্যটক অন্তত একবার এই মসজিদটি পরিদর্শন ও নামাজ আদায় করুন। আধুনিক ও নান্দনিক ডিজাইনে নির্মিত এই মসজিদ কুয়াকাটার অন্যতম আকর্ষণে পরিণত হবে বলে আমরা আশা করছি।