শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
Logo

দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাশেই আবেগঘন চিরকুট

/ ৩৭ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

মুলাদী প্রতিনিধি ।।

​বরিশালের মুলাদীতে খোরশেদ হাওলাদার (২৫) নামে এক ক্রোকারিজ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের পশ্চিম বোয়ালিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘর থেকে একটি চিরকুটও উদ্ধার করে পুলিশ।

খোরশেদ ওই গ্রামের মৃত জয়লাল আবেদীন হাওলাদারের ছেলে। আট ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। বাটামারা ইউনিয়নের পূর্ব রামচর বাজারে তাঁর ক্রোকারিজের দোকান ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খোরশেদের স্ত্রী তাসলিমা বেগমের পা ভেঙে যাওয়ায় গত ১৫ দিন ধরে সন্তানসহ বাবার বাড়িতে ছিলেন। এরপর থেকে খোরশেদ একাই বাড়িতে থাকতেন। প্রতিদিন ভোরে বাইরে নাশতা করে দোকানে যেতেন এবং রাতে বাড়ি ফিরতেন।

খোরশেদের বন্ধু ও স্থানীয় গ্রাম পুলিশ বিপ্লব জানান, বুধবার রাত সাড়ে ৮টা পর্যন্ত কয়েকজন বন্ধুর সঙ্গে আড্ডা দেন খোরশেদ। পরে রাত পৌনে ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। বৃহস্পতিবার সারাদিন দোকান বন্ধ এবং তাঁর মোবাইল ফোন বন্ধ পেয়ে সন্ধ্যা ৬টার দিকে এক বন্ধুকে নিয়ে খোরশেদের বাড়িতে যান বিপ্লব।

তাঁরা গিয়ে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে খোরশেদের বড় ভাই সাইদুল হাওলাদারকে খবর দেন। পরে তাঁর উপস্থিতিতে দরজা ভেঙে ঘরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে খোরশেদের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

সাইদুল হাওলাদার বলেন, ‘ছোট ভাই স্ত্রী-সন্তান নিয়ে আলাদা থাকত। গত ১৫ দিন ধরে ওর স্ত্রী অসুস্থতার কারণে বাবার বাড়িতে থাকায় ও একাই থাকত। গতকাল বৃহস্পতিবার সকালে দোকানে চলে গেছে ভেবে বাড়ির লোকজন খোঁজ নেয়নি। সন্ধ্যায় বন্ধুরা এসে দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ দেখতে পায়। ঘরের ভেতর আত্মহত্যার একটি চিরকুটও পাওয়া গেছে।’

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, গতকাল সন্ধ্যায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। আজ শুক্রবার সকালে মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও চিরকুট যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com