বরগুনা প্রতিনিধি ।।
বরগুনায় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করায় থানায় কর্মরত এক পুলিশ সদস্যকে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইশফাক আহমেদ ত্বোহার বিরুদ্ধে। পুলিশ সদস্যের সঙ্গে মুঠোফোনে কথোপকথনের এক পর্যায়ে ছাত্রলীগ নেতা বলেন, আমতলী শহর জ্বালাইয়া দিলে আপনি কি করতে পারবেন।
বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে একইদিন বিকেলে আমতলী থানায় কর্মরত পুলিশের উপপরিদর্শক (এসআই) আসাদের সঙ্গে ওই ছাত্রলীগ নেতার কথোপকথনের এক মিনিট ৫৩ সেকেন্ডের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তা ভাইরাল হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই কল রেকর্ডে ছাত্রলীগ নেতা ইশফাক আহমেদ ত্বোহা আমতলী থানায় কর্মরত এসআই আসাদকে সালাম দিয়ে বলতে শোনা যায়, আপনি কি এসআই আসাদ বলছিলেন ভাই? আমি ইশফাক আহমেদ ত্বোহা যুগ্ম সাধারণ সম্পাদক আমতলী উপজেলা ছাত্রলীগ। চিনছেন ভাই? সালামের উত্তর দিয়ে এসআই আসাদ বলেন, ওহ ভালো আছেন? ত্বোহা উত্তরে বলেন, এই ভালো আছি, আপনি ভালো আছেন ভাই? এসআই বলেন, এইতো আছি ইনশাআল্লাহ। কি খবর ভাই?
এরপর এসআই আসাদকে ছাত্রলীগ নেতা বলেন, ভাই আমার এক বন্ধুরে এরেস্ট করছে ওসি। ভালো, এরেস্ট করছে খুব ভালো। আমার ছোট ভাই রবিউল ওরে দেখতে গেছে। আপনার কাছ থেকে পারমিশন নেয় নায় ভাই। আপনি ওরে মনে করেন যে, ধরে বসিয়ে চালান করে দিলেন। আপনি ডিউটি অফিসার ছিলেন। এই দিনেই কি দিন ভাই?
প্রশ্নের উত্তরে এসআই আসাদ বলেন, ওর নামে ওয়ারেন্ট হইছে দুটো। এ সময় ত্বোহা বলেন, ওর নামে ওয়ারেন্ট হইছে দুটো, আপনি ওরে কেনো বসাইলেন ভাই? আপনি ওরে ডেকে নিয়ে কেনো বসাইলেন? জবাবে এসআই বলেন, ওয়ারেন্ট থাকলে কি করবে? পরে ছাত্রলীগ নেতা বলেন, এই শোনেন আপানারে আমি একটা কথা বলি আসাদ সাহেব। এই দিন কিন্তু দিন না। আপনি অন্য রেঞ্জের মানুষ হয়ে, আপনি বরিশাল বিভাগের বাইরের মানুষ হয়ে আপনি আজকে চার বছর আমতলী থানায়। আপনি কি মনে করছেন? আপনাকে কিন্তু এর মাশুল দিতেই হবে আসাদ সাহেব। আপনি এটা মনে রাইখেন, এর মাশুল আপনাকে দিতে হবে।
এ সময় এসআই আসাদ আবারও ওয়ারেন্টের কথা বললে উত্তেজিত হয়ে বাজে ভাষায় গালিগালাজ করে ছাত্রলীগ নেতা ত্বোহা বলেন, আপনি ওরে ধরে বসিয়ে রাখছেন। আপনি কি হয়ে গেছেন মিয়া? আমতলী শহর জ্বালাইয়া দিলে আপনি কি করতে পারবেন মিয়া।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, গ্রেপ্তার করা ওই ছেলে একটি মামলায় তদন্তপ্রাপ্ত আসামি এবং থানায় ওয়ারেন্ট আছে। এ কারণে তাকে গ্রেপ্তার করে চালান দেওয়া হয়েছে। এ ঘটনায় ছাত্রলীগ নেতার সঙ্গে পুলিশ সদস্যের কথোপকথনের বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ ছাড়াও ছাত্রলীগ নেতা ত্বোহা থানায় দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত আসামি। বর্তমানে পলাতক আছে। তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।