বরগুনায় ফুটবল খেলার সময় মাঠে বাছুর ঢোকায় মারধরে কিশোরের মৃত্যু
বরগুনা প্রতিনিধি ।।
বরগুনার তালতলী উপজেলায় ফুটবল খেলার সময় মাঠে বাছুর ঢোকাকে কেন্দ্র করে মারধরে মো. হযরত আলী নামে ১৭ বছরের এক কিশোরের মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এরআগে শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার হরিনবাড়ীয়া এলাকায় মারামারির এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে উপজেলার বড়বগী ইউনিয়নের হরিনবাড়ীয়া মাদরাসা মাঠে সমবয়সী স্থানীয় কিছু ছেলেরা ফুটবল খেলছিল। এসময় খেলার মাঠে একটি গরুর বাছুর ঢুকে গেলে মুছা নামে একজনের সঙ্গে কথা কাটাকাটি হয় হযরত আলীর। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। পরবর্তীতে রবিবার সকালে হযরত আলীর বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পরলে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় হযরত আলীর মৃত্যু হয়।
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের কেউ থানায় লিখত অভিযোগ দেয়নি। এছাড়া মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে, ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।



Post Comment