মাদকের বেড়াজাল থেকে মুক্তি পাচ্ছেন নোরা ও শ্রদ্ধা
বিনোদন ডেক্স ।।
মাদকের বেড়াজাল থেকে মুক্তি পাচ্ছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি ও অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তাদের বিরুদ্ধে মাদকের অভিযোগ আনলেও তদন্তে কোনো প্রমাণ না পাওয়ায় মুক্তি পেতে যাচ্ছেন। এর আগে ২২ সালের আগস্টে মাদক পাচারের অভিযোগে মোহাম্মদ সেলিম মোহাম্মদ সোহেল শেখকে গ্রেফতার করেছিল মুম্বাই পুলিশ। সেই সময় তার কাছ থেকে প্রায় এক লাখ ১৯ হাজার রুপির মাদক জব্দ করা হয়েছিল। সেই সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বিভিন্ন পার্টিতে মাদক সরবরাহের কথা জানান, যেখানে একাধিক পরিচিত ব্যক্তির নাম উঠে আসে। এর মধ্যে উঠে আসে অভিনেত্রী নোরা ফাতেহি, শ্রদ্ধা কাপুর, অভিনেতা সিদ্ধান্ত কাপুর এবং রাজনীতিবিদ জিশান সিদ্দিকীর নাম। ২০২৫ সালে তদন্তের অংশ হিসেবে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও অভিনেত্রী নোরা ফাতেহিসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তদন্তে তাদের বিরুদ্ধে কোনো তথ্যপ্রমাণ না পাওয়ায় সেই সম্পৃক্ততা নিশ্চিত করা যায়নি। এবার সেই আলোচিত মাদক মামলায় স্বস্তির খবর পেলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা ও নোরা। মুম্বাই পুলিশের তদন্তে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় এ মামলায় তাদের নাম বাদ দেওয়ার প্রস্তুতি চলছে। একটি সূত্র জানায়, মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা ও অ্যান্টি-নারকোটিক্স সেলের তদন্তে উঠে এসেছে— আলোচিত সেই মামলায় সংশ্লিষ্ট তারকাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো দৃঢ় প্রমাণ পাওয়া যায়নি। তদন্ত শেষ পর্যায়ে রয়েছে এবং শিগগিরই সম্পূরক চার্জশিট দাখিল করা হবে। সেই সঙ্গে সামাজিক মাধ্যম ব্যক্তিত্ব ওরহান আওয়াত্রামনি, অভিনেতা সিদ্ধান্ত কাপুর এবং রাজনীতিবিদ জিশান সিদ্দিককেও সম্পূরক চার্জশিট থেকে অব্যাহতি দেওয়া হতে পারে। এতে গ্রেফতার হওয়া কয়েকজন অভিযুক্ত ও পলাতকের বিরুদ্ধে অভিযোগ আনা হবে, তবে তারকাদের নাম এতে রাখা হচ্ছে না।



Post Comment