নিজস্ব প্রতিবেদক ।।
গত ২৭ আগষ্ট SHINE প্রকল্পের জোটসমূহের বার্ষিক কনসরটিয়াম সভার অংশ হিসেবে বরিশাল জেলা পরিদর্শন করেছেন দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ২৬ সদস্যের একটি প্রতিনিধি দল। জেলার বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন তারা। প্রতিনিধি দলে ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির জেপিজি স্কুল অব পাবলিক হেলথ, কেনিয়ার এলভিসিটি ও এপিএইচআরসি এবং যুক্তরাজ্যের এলএসটিএম সংস্থার প্রতিনিধিগণ। SHINE প্রকল্পের আওতায় মানসিক স্বাস্থ্য কল্যাণ ও সাপোর্টিভ সুপারভিশন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির স্বাস্থ্যকর্মী এবং কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (CHCP)-দের কার্যক্রম সরেজমিনে পরিদর্শনই ছিল এ সফরের মূল উদ্দেশ্য।
পরিদর্শনকালে প্রতিনিধি দল ব্র্যাক জেপিজি স্কুল অব পাবলিক হেলথ ও ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি টিমের যৌথ উদ্যোগে পরিবেশিত একটি সচেতনতামূলক গণনাটক উপভোগ করেন। নাটকটিতে স্বাস্থ্যকর্মীদের দৈনন্দিন কার্যক্রম এবং কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যসেবা দিতে গিয়ে তাদের সম্মুখীন হওয়া বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরা হয়। পরে প্রতিনিধি দল ব্র্যাকের আয়োজনে নিয়মিত সমন্বিত হেলথ ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে অসংক্রামক রোগ সংক্রান্ত স্বাস্থ্যসেবা, চক্ষু পরীক্ষা এবং যক্ষ্মা নিয়ন্ত্রণ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন তারা। একইসঙ্গে বাবুগঞ্জ উপজেলায় সরকারের একটি কমিউনিটি ক্লিনিকও পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা।
এ সময় সরকারের প্রতিনিধি হিসেবে বরিশাল জেলার সিভিল সার্জন, ডেপুটি সিভিল সার্জন, সিনিয়র হেলথ এডুকেশন অফিসার, বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ কয়েকজন চিকিৎসক উপস্থিত ছিলেন। পরিদর্শনের মাধ্যমে SHINE প্রকল্পের আওতায় প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের কার্যক্রম, কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যসেবার বাস্তব চিত্র এবং বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে প্রতিনিধি দল সরাসরি ধারণা লাভ করেন।