Loading Now

বাংলাদেশের নাহিদা-শারমিনকে শাস্তি দিল আইসিসি

স্পোর্টস ডেক্স ।।

আচরণবিধি ভঙ্গের দায়ে বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটার নাহিদা আক্তার ও সারমিন সুলতানাকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তাঁদের দুজনকেই ম্যাচ ফির ১০ শতাংশ করে জরিমানা করা হয়েছে। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভিন্ন ভিন্ন ঘটনায় এই শাস্তি পেয়েছেন তাঁরা।

আইসিসির বিবৃতিতে জানানো হয়, নাহিদা আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গ করেছেন। এই ধারায় বলা হয়েছে, কোনো ব্যাটার আউট হওয়ার পর এমন ভাষা, আচরণ বা অঙ্গভঙ্গি ব্যবহার করা যাবে না—যা অবমাননাকর বা প্রতিপক্ষকে উসকে দিতে পারে। অন্যদিকে সারমিন ভঙ্গ করেছেন ২.৮ ধারা—যা আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশের সঙ্গে সম্পর্কিত।

দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরায় শ্রীলঙ্কা। সফরকারী দলের ইনিংসের ১৭ তম ওভারে অধিনায়ক চামারি আতাপাত্তু আউট হলে নাহিদা তাঁকে প্যাভিলিয়নের দিকে ইঙ্গিত করে বিদায় জানান। এর আগে বাংলাদেশের ইনিংসের ১৬ তম ওভারে এলবিডব্লিউ আউট দেওয়ার পর সারমিন ব্যাট দেখিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং কিছুটা দেরিতে মাঠ ছাড়েন।

এই অপরাধের জন্য জরিমানার পাশাপাশি দুই ক্রিকেটারের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। দুই ক্রিকেটারই নিজেদের দোষ স্বীকার করে নিয়েছেন এবং আইসিসির আন্তর্জাতিক ম্যাচ রেফারি প্যানেলের সদস্য সুপ্রিয়া রানি দাসের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ম্যাচের অন-ফিল্ড আম্পায়ার এলয়িস শেরিডান ও রোকেয়া সুলতানা, তৃতীয় আম্পায়ার ডলি রানি সরকার এবং চতুর্থ আম্পায়ার শাথিরা জাকির জেসি অভিযোগগুলো উত্থাপন করেন। প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেটর জয় তুলে নেয় বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা থাকায় শেষ ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। ট্রফি জয়ের লক্ষে আজ মাঠে নেমেছে দু দল।

 

Post Comment

YOU MAY HAVE MISSED