ভোলা প্রতিনিধি ।।
ভোলার দৌলতখানে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা ছাত্রদল। রোববার (১৫ নভেম্বর) ভোলা জেলা শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক (দপ্তরের চলতি দায়িত্বে) মেহেদী হাসান আসিফ স্বাক্ষরিত চিঠিতে এ কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।
নোটিশ পাওয়া ছাত্রদলের নেতারা হলেন—দৌলতখান পৌরসভা শাখার সদস্য মো. তারেক রহমান, দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক মো. ফাহিম ও সাবেক যুগ্ম আহ্বায়ক আরিয়ান সজিব।
নোটিশে বলা হয়, আপনারা সাবেক ও বর্তমান পদধারী নেতা হয়েও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে জেলা কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।
চিঠিতে উল্লেখ করা হয়, ভোলা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রাসেল ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেল আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
এ বিষয়ে জানতে চাইলে ভোলা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেল রোববার রাতে বলেন, গত দুই দিন আগে দৌলতখানে একটি এলাকায় গিয়ে তাঁরা মারামারিতে লিপ্ত হয়েছেন। এ ধরনের কর্মকাণ্ড সংগঠনটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দলীয় ঐক্য বিনষ্টের আশঙ্কা সৃষ্টি করেছে। তাই আজ তাদের তিনজনকে সাংগঠনিকভাবে নোটিশ দেওয়া হয়েছে।