মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
Logo

সিগারেটে ‘আসক্ত’ হয়ে পড়ছে পাখিরাও, কেন?

/ ২৩ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

অনলাইন ডেক্স ।।

মানুষ পরিবেশের যে বিপর্যয় নিজেরা সৃষ্টি করেছে, তা সামাল দেওয়ার ক্ষেত্রে খুব একটা সফল হতে পারছে না। ফলে কিছু পাখি আমাদের ফেলে দেওয়া দূষিত বর্জ্যের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার অদ্ভুত উপায় বের করেছে। তাদের এই অভিযোজন যেমন বুদ্ধিদীপ্ত, তেমনি দুঃখজনক ও উদ্বেগজনক। এর একটি উদাহরণ হলো, কিছু পাখি বাসা তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করছে ফেলে দেওয়া সিগারেটের অবশিষ্টাংশ।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যানিমাল বিহেভিয়ার সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে—গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ থেকে শুরু করে নিউজিল্যান্ড পর্যন্ত বিশ্বের বিভিন্ন অঞ্চলের পাখিরা বাসা তৈরির সময় ফেলে দেওয়া সিগারেটের অবশিষ্টাংশ ব্যবহার করছে। এমনকি কোনো কোনো পাখি সরাসরি অ্যাশট্রের (ছাইদানি) ভেতরেই বাসা বাঁধছে।

পোল্যান্ডের গবেষকেরা দেখতে পেয়েছেন, ইউরোপজুড়ে পরিচিত নীল রঙের ছোট পাখি ব্লু টিট তাদের বাসায় সিগারেটের অবশিষ্টাংশ রাখতে পছন্দ করে। এর কারণ কী?

গবেষকদের ধারণা, সিগারেটের অবশিষ্টাংশ একধরনের প্রাকৃতিক, আবার একই সঙ্গে অপ্রাকৃতিক কীটনাশক হিসেবে কাজ করে। মানুষের ফেলে দেওয়া সিগারেটের ফিল্টারে নিকোটিন ও ভারী ধাতু জমা থাকে। এসব উপাদান বাসায় থাকা বিভিন্ন পরজীবী ও ক্ষতিকর পোকামাকড়কে দূরে রাখতে সাহায্য করে বলে মনে করছেন গবেষকেরা।

পাখিরাও কি সিগারেটে আসক্ত হয়ে পড়ছে?
সিগারেটের অবশিষ্টাংশ কীভাবে পোকামাকড়ের আক্রমণ ঠেকাতে পারে, তা পরীক্ষাগারে যাচাই করতে গবেষকেরা কয়েকটি নিয়ন্ত্রিত পরীক্ষা চালান। এ জন্য তাঁরা কিছু পাখির বাসায় সিগারেটের অবশিষ্টাংশ রাখেন। অন্য কিছু বাসায় কোনো পরিবর্তন করেননি। আবার কিছু বাসা সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত করে রাখেন।

পরীক্ষার ফল খুব নাটকীয় না হলেও তা থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। দেখা গেছে, যেসব বাসায় সিগারেটের অবশিষ্টাংশ রাখা হয়েছিল, সেসব বাসায় উকুনজাতীয় পরজীবী ও ব্লোফ্লাইসহ বিভিন্ন ক্ষতিকর পোকামাকড়ের উপস্থিতি তুলনামূলকভাবে কিছুটা কম ছিল। নিকোটিনমুক্ত বাসাগুলোর তুলনায় এসব বাসায় পরজীবীর সংখ্যা সামান্য কম পাওয়া যায়।

গবেষকদের করা রক্ত পরীক্ষায় আরও দেখা গেছে, সিগারেটের অবশিষ্টাংশ রাখা বাসায় বেড়ে ওঠা ছানাদের স্বাস্থ্য তুলনামূলকভাবে ভালো ছিল। একইভাবে সম্পূর্ণ জীবাণুমুক্ত বাসায় বেড়ে ওঠা ছানারাও ভালো স্বাস্থ্যের অধিকারী ছিল। তবে যেসব বাসায় কোনো ধরনের পরিবর্তন আনা হয়নি, সেসব বাসায় বেড়ে ওঠা ছানাদের স্বাস্থ্য তুলনামূলকভাবে খারাপ ছিল।

এ থেকে গবেষকেরা ধারণা করছেন, পাখির ছানাদের জীবনের প্রাথমিক বিকাশে পরজীবীর আক্রমণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ, পরজীবী থেকে সুরক্ষা পেলে ছানাদের স্বাস্থ্য ও বিকাশ ভালো হতে পারে। অন্য কয়েকটি গবেষক দলও পাখির বাসায় সিগারেটের অবশিষ্টাংশ ব্যবহারের বিষয়টি নিয়ে গবেষণা করেছে। তাদের অনুসন্ধানে দেখা গেছে, কিছু পাখি পরিস্থিতি বুঝে বাসায় সিগারেটের অবশিষ্টাংশের পরিমাণ বাড়ায়। অর্থাৎ, বাসায় পরজীবীর সংখ্যা বেড়ে গেলে পাখিরা আরও বেশি সিগারেটের অবশিষ্টাংশ সংগ্রহ করে বাসায় যোগ করে।

উদাহরণ হিসেবে মেক্সিকো সিটির ফিঞ্চ ও চড়ুই পাখির কথা বলা যায়। এরা সিগারেটের অবশিষ্টাংশ সরাসরি বাসায় না রেখে প্রথমে সেগুলো ছিঁড়ে ছোট ছোট অংশে ভাগ করে নেয়। এরপর সিগারেটের ফিল্টারের ভেতরের তন্তুগুলো পুরো বাসাজুড়ে ছড়িয়ে দেয়, যাতে বাসার আরও বেশি অংশে এসব উপাদানের কার্যকারিতা ছড়িয়ে পড়ে।

তবে এই পুরো বিষয়টির একটি বড় ধরনের নেতিবাচক দিকও রয়েছে। আর সেটি সম্ভবত সহজেই অনুমান করা যায়।

সিগারেটের অবশিষ্টাংশে থাকা নিকোটিনের সরাসরি সংস্পর্শে আসা পাখির ছানাদের শরীরে জিনগত ক্ষতির লক্ষণ দেখা গেছে। এই ক্ষতির দীর্ঘমেয়াদি প্রভাব কী হতে পারে, তা এখনো স্পষ্ট নয়। তবে বিষয়টি নিয়ে গবেষকেরা উদ্বিগ্ন এবং আগামী বছরগুলোতে এর ওপর বিশেষ নজর রাখবেন।

অর্থাৎ, মানুষের ফেলে দেওয়া সিগারেটের অবশিষ্টাংশ পাখিদের বাসায় পরজীবীর আক্রমণ কমাতে কিছুটা সাহায্য করলেও একই সঙ্গে তা তাদের ছানাদের জিনগত ক্ষতির ঝুঁকিতে ফেলতে পারে। মানুষের তৈরি দূষণের সঙ্গে খাপ খাইয়ে নিতে গিয়ে প্রকৃতির এই ছোট প্রাণীগুলোকে শেষ পর্যন্ত কতটা মূল্য দিতে হবে, তা এখনো অজানা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com