লালমোহন প্রতিনিধি ।।
ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে আপন ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকার মনু মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই মো. সহিদকে (৬৬) আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম মো. আব্দুল জলিল (৬২)। তিনি ওই এলাকার মৃত মনু মিয়ার ছেলে। আটক সহিদও একই ব্যক্তির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে বাড়ির বাগান থেকে সুপারি পাড়তে যান আব্দুল জলিল। এ সময় তাঁর বড় ভাই সহিদ সুপারি পাড়তে বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সহিদ তাঁর ছোট ভাই জলিলের গলা সুপারি গাছের সঙ্গে চেপে ধরেন বলে অভিযোগ রয়েছে। এতে শ্বাসরোধে ঘটনাস্থলেই জলিলের মৃত্যু হয়।
লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের আপন বড় ভাইকে আটক করা হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।