স্ত্রীকে তালাকের পর দুধ দিয়ে গোসল, ভিডিও ভাইরাল
বাবুগঞ্জ প্রতিনিধি ।।
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় স্ত্রীকে তালাকের পর দুধ দিয়ে গোসল করার এক অদ্ভুত ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
জানা যায়, উপজেলার উত্তর রহমতপুর গ্রামের বাসিন্দা নিকুঞ্জ চন্দ্র দাসের ছেলে পরিমল দাস (৪৯) ২০০৯ সালে বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা বারইপাড়া গ্রামের সুশান্ত বিশ্বাসের মেয়ে দীপা বিশ্বাসের সঙ্গে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে প্রনাপ দাস (১৫) ও এক মেয়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল তাদের মধ্যে। একাধিকবার গ্রাম্য সালিশ ও পারিবারিক বৈঠক হলেও সমস্যার সমাধান হয়নি। সর্বশেষ গত ২৭ এপ্রিল (সোমবার) বিকেল ৫টার দিকে তালাকনামায় স্বাক্ষরের মাধ্যমে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।
অভিযোগ রয়েছে, তালাকের পরপরই পরিমল দাস দুধ দিয়ে গোসল করেন। এ ঘটনার একটি ভিডিও ধারণ করা হয় এবং ২৯ এপ্রিল সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় কৌতূহলী জনতার ভিড় লক্ষ্য করা যায় এবং ঘটনাটি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, বর্তমানে সন্তানরা তাদের মায়ের সঙ্গেই অবস্থান করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।



Post Comment