হঠাৎ দমকা হাওয়া, ঘর ধসে প্রাণ গেল শিশুর
ঝালকাঠি প্রতিনিধি ।।
ঝালকাঠির নলছিটি উপজেলায় দমকা হাওয়ায় পরিত্যক্ত টিনের ঘর ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের পশ্চিম পাওতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাফিয়া আক্তার (৪) ওই এলাকার নয়ন মোল্লার মেয়ে। নয়ন প্রবাসী।
স্বজনদের বরাতে পুলিশ জানায়, নয়নের স্ত্রী নাসরিন বেগম দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। ঘটনার সময় নাফিয়া আক্তারকে নিয়ে তার নানা মোহাম্মদ নুর আলম ভূঁইয়া বাড়ির দক্ষিণ পাশে একটি পরিত্যক্ত টিনের ঘরের ভেতরে যান।
এ সময় প্রবল বাতাসে ঘরের টিন ছুটে গেলে সেটি ঠিক করতে নুর আলম ভূঁইয়া ঘরের মাচায় ওঠেন। হঠাৎ দমকা হাওয়ায় পুরো ঘরটি ভেঙে পড়ে। এতে নুর আলম ভূঁইয়া আহত হন এবং ঘরের ভাঙা টিন ও কাঠামোর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শিশু নাফিয়া মারা যায়।
নলছিটি থানার ওসি আরিফুল আলম বলেন, পুলিশ সুরতহাল করে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।



Post Comment