মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :

আগামী হজের রোডম্যাপ প্রকাশ, নিবন্ধনের শেষ সময় ২৬ সেপ্টেম্বর

/ ২৪ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬

অনলাইন ডেক্স ।।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) সঙ্গে ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ। ছবি: সংগৃহীত
২০২৭ সালের (হিজরি ১৪৪৮) হজের রোডম্যাপ প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। ঘোষিত সময়সূচি অনুযায়ী, চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। এ ছাড়া আগামী ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় হজচুক্তি স্বাক্ষরিত হবে।

সোমবার (৮ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে রোববার (৭ জুন) এ রোডম্যাপ প্রকাশ করা হয়। এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজ কার্যক্রমের সময়সূচি ঘোষণা করে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। এ সময় সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে হজের রোডম্যাপ হস্তান্তর করেন।

রোডম্যাপ অনুযায়ী, ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে এবং ৮ এপ্রিল শুরু হবে হজ ফ্লাইট পরিচালনা। চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ১৫ মে (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

এ ছাড়া সৌদি প্রান্তের ব্যয় নুসুক মাসার প্ল্যাটফর্মের ই-ওয়ালেটে স্থানান্তরের কার্যক্রম চলবে ২০২৬ সালের ১৫ জুলাই থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত। নুসুক মাসারের মাধ্যমে তাঁবু, হোটেল, ক্যাটারিং ও পরিবহনসহ বিভিন্ন সেবা প্যাকেজ গ্রহণের চুক্তি স্বাক্ষর শুরু হবে ২৯ জুলাই এবং শেষ হবে ২০২৭ সালের ২৩ জানুয়ারি। হজযাত্রীদের তথ্য নুসুক মাসার সিস্টেমে আপলোড করতে হবে ২০২৬ সালের ১৪ আগস্ট থেকে ২০২৭ সালের ২৮ জানুয়ারির মধ্যে।

একই সঙ্গে হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইনসের সঙ্গে চুক্তি স্বাক্ষর এবং নুসুক মাসারে প্রয়োজনীয় ডকুমেন্টেশন সম্পন্ন করতে হবে চলতি বছরের ২৯ জুলাই থেকে ৮ নভেম্বরের মধ্যে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব পক্ষকে ঘোষিত রোডম্যাপ অনুযায়ী হজের প্রস্তুতি ও কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com