নিজস্ব প্রতিবেদক ।।
বরিশালের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি ব্রজমোহন কলেজের ১৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৪ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মোঃ তাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলামসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও প্রাক্তন শিক্ষার্থীরা।
অংশগ্রহণকারীরা প্রতিষ্ঠানের গৌরবময় ইতিহাস, শিক্ষা-ঐতিহ্য ও সাফল্যের বিভিন্ন বার্তা সংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন। র্যালি উদ্বোধনকালে কলেজ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, দীর্ঘ ১৩৭ বছরের পথচলায় সরকারি ব্রজমোহন কলেজ দেশের শিক্ষা, সংস্কৃতি ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। প্রতিষ্ঠা বার্ষিকীর এ আয়োজন কলেজের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে প্রতিষ্ঠানপ্রেম ও দায়িত্ববোধ জাগ্রত করতে সহায়ক হবে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল আনন্দ র্যালি, কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ এবং ব্লাড গ্রুপিং ও রক্তদান কর্মসূচি। ক্যাম্পাস এখন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিনিত হয়েছে।
উল্লেখ্য, ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত সরকারি ব্রজমোহন কলেজ দক্ষিণাঞ্চলের অন্যতম প্রাচীন ও স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুদীর্ঘকাল ধরে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।