শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
Logo

মৃত্যুর গুজবে থানায় হামলা; সেই আলোচিত রিয়াজ কারাগারে

/ ২০ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালের আগৈলঝাড়া থানায় হেফাজতে থাকা এক আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে হামলা ও ভাঙচুরের ঘটনার পর সেই রিয়াজ ফকিরকে চুরির মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে বরিশালের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ আবিদুল হকের আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রিয়াজ ফকির (২৬) আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী গ্রামের সিদ্দিক ফকিরের ছেলে। গত বুধবার সন্ধ্যায় একটি দোকানে চুরির মামলায় তাকে গ্রেফতার করে আগৈলঝাড়া থানা পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারের পর থানা হেফাজতে থাকা অবস্থায় রাত ১১টার দিকে রিয়াজ হাজতখানার গ্রিলের সঙ্গে নিজের মাথায় আঘাত করেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে বিকেলে কয়েকশ মানুষ আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুর চালায়। এ সময় কর্তব্যরত এএসআই আব্দুল হালিমসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন।

আদালতে নেওয়া আগৈলঝাড়া থানার এএসআই আল-আমিন জানান, হাসপাতাল থেকে আদালতে নেওয়ার পথেও রিয়াজ নিজের মাথায় আঘাত করার চেষ্টা করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

পুলিশের দাবি, রিয়াজ ফকির মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত হিসেবে তাদের কাছে চিহ্নিত। এর আগে র‌্যাব ও পুলিশের অভিযানে তিনি মাদকসহ গ্রেফতার হয়েছিলেন। তার বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com