নিজস্ব প্রতিবেদক ॥
বরিশালের কালিজিরা সংলগ্ন কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা করেন।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বরিশাল স্টেশনের সদস্যরা কীর্তনখোলা নদীতে অভিযান চালান। অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, লক্ষ্মীপুরের রামগতি উপজেলার কলাকোপা এলাকার মো. জাফর (৩০), নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর রশিদ এলাকার মো. আব্দুল হাকিম (২৫), ভোলা সদর উপজেলার ডাইয়া গ্রামের মো. মুমিন (১৮) এবং মো. রাকিব (১৮)।
পরে বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা করেন। এছাড়া আটক ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নিয়ে ড্রেজার ও বাল্কহেডসহ ছেড়ে দেওয়া হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, নদীতীরবর্তী ফসলি জমি ও বসতভিটা রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।