রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
Logo

বরিশালে উৎসবমূখর পরিবেশে রথযাত্রা উদযাপিত

/ ৫২ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ॥

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষ্যে বরিশাল নগরী মুখর হয়ে ওঠে ভক্ত-অনুরাগীদের পদচারণায়। বর্ণিল শোভাযাত্রা, ধর্মীয় সংগীত, নৃত্য এবং প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হয় এ বছরের রথযাত্রা। বৃহস্পতিবার বিকেলে নগরীর শ্রীশ্রী শংকর মঠ প্রাঙ্গণ থেকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) এর উদ্যোগে রথযাত্রার শুভ সূচনা হয়। জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রা দেবীকে পৃথক তিনটি সুসজ্জিত রথে বসিয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। হাজারো ভক্ত দড়ি টেনে রথ এগিয়ে নেন, যা সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ও সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত। রথযাত্রার উদ্বোধন করেন শ্রীমৎ স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী ট্রাস্টের সভাপতি রাখাল চন্দ্র দে।

এসময় উপস্থিত ছিলেন মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি ভানু লাল দে। উদ্বোধনী বক্তব্যে তিনি মানবকল্যাণ, সম্প্রীতি ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে ধর্মীয় উৎসবগুলোর গুরুত্ব তুলে ধরেন। শ্রীশ্রী শংকর মঠ পূজা উদযাপন কমিটির সভাপতি লিমন কৃষ্ণ সাহা কানু জানান, শংকর মঠ থেকে যাত্রা শুরু করে রথগুলো নতুনবাজার, অমৃত লাল দে সড়ক, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক, নগর ভবন, চকবাজার, বাজার রোড, নাজিরপুল ও জেলখানা মোড় ঘুরে নতুনবাজারের অমৃতাঙ্গনে গিয়ে শেষ হয়। তিনি আরও জানান, আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা। সেদিন অমৃতাঙ্গন থেকে একইভাবে শোভাযাত্রা বের হয়ে শ্রীশ্রী শংকর মঠে গিয়ে শেষ হবে। এ সময় পর্যন্ত আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের উদ্যোগে রাধা শ্যাম সুন্দর মন্দিরে ধারাবাহিক ধর্মীয় অনুষ্ঠান, নামসংকীর্তন ও ভক্তিমূলক আয়োজন চলবে।রথযাত্রাকে ঘিরে দুপুরের পর থেকেই নগরীর বিভিন্ন সড়কে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। ধর্মীয় সংগীতের তালে তালে ভক্তদের নৃত্য, হরিনাম সংকীর্তন এবং রথ থেকে প্রসাদ বিতরণ উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে অসংখ্য মানুষ এ বর্ণাঢ্য শোভাযাত্রা উপভোগ করেন।এদিকে নগরীর সদর রোডের শ্রীশ্রী জগন্নাথ দেবের মন্দির এবং হাটখোলার শ্রীশ্রী হরি ঠাকুর মন্দির থেকেও পৃথক রথযাত্রা বের করা হয়। শ্রীশ্রী জগন্নাথ দেবের মন্দির-এর রথযাত্রায় বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারসহ বিএনপির নেতাকর্মীরাও অংশ নেন।

শোভাযাত্রায়গুলোতে বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী অংশ নেন। সব মিলিয়ে বরিশাল নগরী দিনভর পরিণত হয় ধর্মীয় সম্প্রীতি, ভক্তি ও উৎসবের এক অনন্য মিলনমেলায়। এদিকে ধর্মীয় এই উৎসবের শান্তি-শৃঙ্খলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে মাঠ পর্যায়ে রথযাত্রাকে ঘিরে যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি, অপতৎপরতা বা সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্টের চক্রান্ত রুখে দিতে সার্বক্ষণিক মাঠে ছাত্রদলের নেতাকর্মীরা। দলীয় সূত্র জানা গেছে, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির-এর নিদের্শনা অনুযায়ী বরিশাল মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা স্ব স্ব এলাকার সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে , শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে রথ উৎসব ও ধর্মীয় আচার পালন করতে পারেন, সেজন্য সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করেন। রথযাত্রার প্রতিটি রুটে শৃঙ্খলারক্ষার স্বার্থে মহানগর ছাত্রদল কর্তৃক গঠিত মনিটরিং টিমের সাথে ওয়ার্ড ও শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ের কর্মীরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করেন।

এ বিষয়ে বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. এনামুল হাসান তাসনিম বলেন, ‘রথযাত্রা বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সমৃদ্ধ ও আবেগের উৎসব। ছাত্রদল সবসময় মানুষের ধর্মীয় স্বাধীনতা ও পারস্পরিক সম্প্রীতি রক্ষার আদর্শে বিশ্বাসী। আমাদের নেতাকর্মীরা সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় এবং উৎসবের সার্বিক আনন্দ নিশ্চিত করতে মাঠে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com