নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল জেলা শিশু সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২ আগস্ট বিকেল ৫ টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রফেসর শাহ্ সাজেদা। সভায় শিশু সুরক্ষা কমিটির সকল সদস্যসহ বরিশালের সমাজসেবীরাও অংশগ্রহণ করেন। সভায় অভ্যন্তরীণ পাচার ও বাণিজ্যিক যৌন শোষনের ঝুঁকিতে থাকা শিশুদের জন্য শিক্ষা সহায়তা মূলক বিভিন্ন পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তা বিবেচনায় রেখে আলোচনা করা হয়। এসময় মুক্ত আলোচনায় অংশ নেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিশ্বজিৎ ঘোষ বিশু,অধ্যাপিকা টুনু রানী কর্মকার, অধ্যাপিকা ফয়েজুন্নেহার শেলী, উন্নয়ন সংগঠক নকিব আব্দুস সালাম, শিক্ষিকা শিউলি সাহা, পাপিয়া জেসমিন, সাংবাদিক সুশান্ত ঘোষ অ্যাডভোকেট সুভাষ চন্দ্র দাস সাংবাদিক সুমাইয়া জিসান উন্নয়ন সংগঠক কাজী নওশাদ রাসেল। সভা পরিচালনা করেন শিশু সুরক্ষা বরিশাল জেলা কমিটির আহ্বায়ক শুভঙ্কর চক্রবর্তী।
মুক্ত আলোচনায় বক্তারা বলেন, সামাজিক সচেতনতা আনয়ন, জীবন ও দক্ষতা বৃদ্ধি, ঝরে-পড়া শিশুর শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে। নারীর প্রতি সহিংসতা রোধ, মানবপাচার প্রতিরোধ, বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ প্রতিরোধ, শিশুর শোষণ ও নির্যাতন বন্ধকরণ ও শিশু শ্রম নিরসনে ইয়ুথ ফোরামকে সম্পৃক্ত করে সুষ্ঠ পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে হবে। সর্বোপরি শিশু, কিশোর-কিশোরীর উন্নয়ন তথা শিশু অধিকার নিশ্চিতকরনে উন্নয়ন সংস্থার পাশাপাশি এই কমিটির সকল সদস্যদের এক যোগে কাজ করতে হবে। শিশু সুরক্ষার জন্য শিশু অধিকার বিষয়সমূহে গুরুত্ব প্রদান করতে হবে। কেননা আজকের শিশুই আমাদের আগামী বাংলাদেশের ভবিষ্যত। তাই শিশু সুরক্ষা তথা কিশোর-কিশোরীদের উন্নয়নে সমন্বিত পরিকল্পনা গ্রহন করতে হবে।