বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
মোবাইল অপারেটরদের বিরুদ্ধে ৫ বছরে ৬৬ হাজার অভিযোগ, সবচেয়ে বেশি সেবার মান নিয়ে! এসএসসি পরীক্ষা: বরিশালে উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই ইয়াবা কিনতে গিয়ে এলাকাবাসীর গণধোলাইয়ের শিকার কলেজ কর্মচারী বরগুনায় বাড়ছে ডেঙ্গু, ১৪ দিনে আক্রান্ত ১৮৭ ২০ আগস্ট থেকে প্রথমবারের মতো শুরু হচ্ছে নৌযান শুমারি সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন একাদশে ভর্তিতে বড় পরিবর্তন, থাকছে না মাইগ্রেশন ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’—শাবনূরের রহস্যময় বার্তা কলকাতায় হোটেলে ভয়াবহ আগুনে নিহত ৯ জনের আটজনই বাংলাদেশি বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, বাংলাদেশি টাকায় কত?

জ্বালানি নিরাপত্তা ও ওষুধের দাম নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন

/ ২১ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

অত্যবশ্যকীয় ওষুধের সরকারি মূল্য নিয়ন্ত্রণ কার্যকর করা, জাতীয় স্বার্থবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি সংশোধন এবং টেকসই জ্বালানি নীতি বাস্তবায়নের দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গণসংহতি আন্দোলন। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের বরিশাল জেলা নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী ও জেলা সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু।

প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, ওষুধ মানুষের জীবনরক্ষার মৌলিক উপাদান, এটি কোনোভাবেই বাজারের অবাধ মুনাফাখোরির ওপর ছেড়ে দেয়া যায় না। দেশের নাজুক স্বাস্থ্যসেবা পরিস্থিতিতে সাধারণ মানুষ যখন সরকারি হাসপাতালে পর্যাপ্ত ওষুধ পাচ্ছে না, তখন বাজারের ওষুধের দাম মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। অবিলম্বে জীবনরক্ষাকারী ওষুধের দাম সাধারণ মানুষের আয়ের সাথে সংগতি রেখে সরকারি নিয়ন্ত্রণে আনতে হবে।

দেশের জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, অতিরিক্ত আমদানিনির্ভরতার কারণেই আজ দেশে জ্বালানি সংকট ঘনীভূত হয়েছে। জাতীয় প্রতিষ্ঠান ‘বাপেক্স’ কে দুর্বল করে রেখে দেশীয় গ্যাস অনুসন্ধানকে অবহেলা করা হয়েছে। সংকট উত্তরণে অবিলম্বে নবায়নযোগ্য জ্বালানি, সৌর ও বায়ুগতি প্রযুক্তির প্রসার এবং দেশীয় গ্যাস অনুসন্ধানে জোর দেয়ার আহ্বান জানান তিনি।

যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত সাম্প্রতিক বাণিজ্য চুক্তির তীব্র সমালোচনা করে দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, নামমাত্র শুল্কছাড়ের বিনিময়ে অন্তর্বতীকালীন সরকারের সময়ে করা এই চুক্তি দেশের অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক স্বার্থকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলেছে। যুক্তরাষ্ট্রকে দেয়া শুল্কমুক্ত সুবিধার কারণে সরকার বিপুল রাজস্ব হারাবে, আর সস্তা মার্কিন পণ্যের তোপে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ধ্বংসের মুখে পড়বে। নিজস্ব নীতিনির্ধারণী স্বাধীনতা ও জাতীয় সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে সংসদে আলোচনার মাধ্যমে সমমর্যাদার ভিত্তিতে এই চুক্তি অবিলম্বে সংশোধনের দাবি জানাচ্ছি।

মানববন্ধনে আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলার সহ-নির্বাহী সমন্বয়কারী আবুল হোসেন মারুফ, অর্থ সম্পাদক ইয়াসমিন সুলতানা, দপ্তর সম্পাদক হাছিব আহমেদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক সাকিবুল ইসলাম সাফিন।

কর্মসূচী সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব। মানববন্ধনে গণসংহতি আন্দোলনের জেলা ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com