বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
Logo

মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পেছাল

/ ২৮ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

বিনোদন ডেক্স ।।

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বিচার শুরু বা অভিযোগ গঠনের শুনানির তারিখ আবারও পিছিয়েছে। আদালত পরিবর্তন হয়ে নতুন তারিখে আগামী ২৩ ডিসেম্বর শুনানির দিন ধার্য করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

অভিনেত্রীর আইনজীবী সূত্রে জানা যায়, এর আগে ঢাকার বিশেষ জজ আদালত-১০–এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। এ জন্য নির্ধারিত দিনে সকাল সাড়ে ১০টার দিকে আদালতে উপস্থিত হন পরীমনি। তবে আদালতে আসার পর আইনজীবী ও সংশ্লিষ্টরা জানতে পারেন যে মামলাটি ঢাকার সিএমএম আদালতে বদলি করা হয়েছে।

এরপর সিএমএম আদালতে হাজির হন এই চিত্রনায়িকা। সবকিছু বিবেচনা করে বিচারক অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৩ ডিসেম্বর নতুন দিন নির্ধারণ করেন।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর মামলার অভিযোগ গঠনের দিন ধার্য থাকলেও ‘পায়ে ব্যথা’র কারণে আদালতে উপস্থিত হতে পারেননি পরীমনি। সে সময় শুনানি পিছিয়ে ১৭ নভেম্বর (আজ) ধার্য করা হয়েছিল।

উল্লেখ্য, ২০২১ সালে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ আনেন নায়িকা পরীমনি। তার কয়েক দিন পরে ওই বছরের ৪ আগস্ট তার বাড়িতে অভিযান চালিয়ে মদ ও মাদক উদ্ধারের কথা জানায় তৎকালীন র‌্যাব। পরে তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মাদকের মামলা করে র‌্যাব। এক মাস কারাগারে থাকার পর মুক্তি পান পরীমনি।

ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা আসামি পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। মামলার অপর দুই আসামি হলেন- পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং পরীমনির খালু কবীর হোসেন হাওলাদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com