নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্।
সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন কল্যাণমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর মধ্যে পুলিশ সদস্যদের চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং ও ক্যান্টিন ব্যবস্থার উন্নয়নসহ নানা কল্যাণসংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়া মাঠপর্যায়ে পেশাদারিত্ব ও সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রেখে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। বিশেষ করে অপরাধ দমনে মাদক, কিশোর গ্যাং, জুয়া এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কঠোর নির্দেশনা প্রদান করেন বিএমপি কমিশনার।
সভার শুরুতে সম্প্রতি মৃত্যুবরণকারী এসআই মো. সিদ্দিকুর রহমানের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি, চাকরি থেকে অবসরগ্রহণকারী কনস্টেবল মো. আবুল হোসেনকে সম্মানসূচক বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
কল্যাণ সভায় মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।