শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
Logo

কীর্তনখোলায় ফুটবল আনতে গিয়ে স্রোতে ভেসে কিশোর নিখোঁজ

/ ২৮ বার পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল নগরসংলগ্ন কীর্তনখোলা নদীতে ফুটবল তুলতে নেমে স্রোতের টানে নিখোঁজ হয়েছে মো. জুনায়েদ (১৩) নামে এক কিশোর। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে নগরের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ জুনায়েদ নগরের ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকার ৭ নম্বর গলির বাসিন্দা মো. জাকিরের ছেলে।

প্রত্যক্ষদর্শী কিশোর মো. সাইফুলের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় জুনায়েদের বড় ভাই জুবায়ের নদীর তীরে সাইকেল পরিষ্কার করছিলেন। অন্যদিকে জুনায়েদ নদীর পাড়ে ফুটবল খেলছিল। একপর্যায়ে তার খেলার বলটি নদীতে পড়ে যায়। বলটি উদ্ধারের জন্য পানিতে নামলে স্রোতের টানে ভেসে যেতে থাকে সে।

এ সময় ছোট ভাইকে বাঁচাতে নদীতে নেমে হাত বাড়িয়ে দেন জুবায়ের। একপর্যায়ে জুনায়েদের হাত ধরতে সক্ষম হলেও প্রবল স্রোতের কারণে তাকে তীরে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। মুহূর্তেই স্রোতে ভেসে নিখোঁজ হয় জুনায়েদ।

এ বিষয়ে কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) বশির উদ্দিন জানান, ঘটনার সময় জুনায়েদ, তার বড় ভাই জুবায়ের ও প্রত্যক্ষদর্শী সাইফুল—কেউই সাঁতার জানত না। ফলে স্রোতে ভেসে যাওয়া কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি শুরু করেছে। পাশাপাশি ঘটনাস্থলে নৌ-পুলিশ ও থানা-পুলিশের সদস্যরা উপস্থিত রয়েছেন।

এ ঘটনায় খেয়াঘাট এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। নিখোঁজ কিশোরের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com