সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
Logo

নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

/ ২৫ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন, বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।

বিভাগীয় কমিশনার বলেন, প্রতিনিয়ত জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে নগরায়ণ ও যানবাহনের সংখ্যা বাড়ছে। ফলে যানজটের পাশাপাশি অপরাধপ্রবণতাও বৃদ্ধি পাচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছে পুলিশ প্রশাসন।

তিনি বলেন, বর্তমানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ৪টি থানার মাধ্যমে নগরবাসীকে সেবা দিচ্ছে। ভবিষ্যতে থানার সংখ্যা আরও বাড়ানো হবে। পুলিশ যাতে যথাযথভাবে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে পারে, সে জন্য তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বরিশাল মেট্রোপলিটন পুলিশ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। বর্তমানে ৪ টি থানার মাধ্যমে পুলিশি সেবা দেওয়া হলেও ভবিষ্যতে এর পরিধি বাড়ানোর প্রস্তাবনা রয়েছে।

তিনি জানান, ভবিষ্যতে আরও ৪টি থানা যুক্ত করে মোট ৮টি থানার মাধ্যমে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে নগরবাসীর কাছে পুলিশি সেবা আরও বিস্তৃত করা সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ, বরিশাল রেঞ্জের ডিআইজি জুলফিকার আলী হায়দার, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি ৮) অধিনায়ক মোহাম্মদ জাকিউল করিম, উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল হান্নান ও সুশান্ত সরকার, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সহ-সভাপতি হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

অনুষ্ঠানের উদ্বোধন শেষে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

উল্লেখ্য, ২০০৬ সালের ২৬ অক্টোবর বরিশাল মেট্রোপলিটন পুলিশের যাত্রা শুরু হয়। বর্তমানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১৮শ’ পুলিশ সদস্য কর্মরত রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com