সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
Logo

বকেয়াসহ অন্যান্য দাবিতে অলিম্পিক সিমেন্টের ছাঁটাই শ্রমিদের বিক্ষোভ

/ ১০৫ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।
অলিম্পিক সিমেন্ট লিমিটেডের অ্যাংকর সিমেন্টের উৎপাদন বন্ধ করে, কারখানা বন্ধের পর বকেয়া বেতনসহ অন্যান্য পাওনার দাবিতে বিক্ষোভ করেছেন ছাঁটাইয়ের শিকার শ্রমিকরা।

শুক্রবার (১২ জুন) সকাল থেকে দিনভর নগরীর রূপাতলীতে কারখানার সামনে শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় আন্দোলনকারীরা তাদের দুই মাসের বকেয়া বেতন, ওভারটাইমের টাকাসহ বিভিন্ন পাওনা আইনানুযায়ী বুঝিয়ে দেওয়ার দাবি জানান।

পাশাপাশি কারখানাটি অন্যত্র স্থানান্তর করা হলে ছাঁটাই হওয়া এই ৩০০ শ্রমিকের কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন তারা। এ দাবির প্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষ বলেছেন, শ্রমিকদের পাওনা বুঝিয়ে দিতে তারা অঙ্গীকারবদ্ধ।

কারখানা থেকে ছাঁটাই হওয়া শ্রমিক ফারুক হোসেন বলেন, কারখানাটি বন্ধ হলে আমাদের সব পাওনা পরিশোধ করতে হবে। পাশাপাশি যারা এই কোম্পানি কিনবে, তাদের কাছে পুরোনো শ্রমিকদের কাজে নেওয়ার দাবি জানাচ্ছি। এছাড়া আমাদের বকেয়া টাকা দ্রুত বুঝিয়ে দেওয়ারও দাবি জানান তিনি।

বাসদ বরিশাল জেলা কমিটির সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী বলেন, মূলত প্রতিষ্ঠানটির মালিকানা পরিবর্তন হচ্ছে। এ কারণে উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে। এই প্রতিষ্ঠানে প্রায় ৩০০ শ্রমিক কর্মরত রয়েছেন। তাই আমাদের দাবি, মালিকানা পরিবর্তন হলে পরবর্তী মালিককে ওই শ্রমিকদের কাজে নিয়োগের নিশ্চয়তা দিতে হবে। একই সঙ্গে শ্রমিকদের পাওনা কত দিনের মধ্যে পরিশোধ করা হবে, সে বিষয়েও নিশ্চয়তা দিতে হবে।

প্রসঙ্গত, ক্রমাগত ব্যাবসায়িক লোকসান, কাঁচামাল ও এলসি সংকটের কারণ দেখিয়ে বরিশালের অলিম্পিক সিমেন্ট কারখানার উৎপাদন স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। গত বুধবার (১০ জুন) কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক অনিকা রহমান স্বাক্ষরিত এক নোটিশে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানানো হয়। পাশাপাশি বকেয়া পরিশোধ না করেই ৩০০ শ্রমিককে ছাঁটাই করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com