বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
Logo

বরিশাল নৌ বন্দরে যাত্রী টানাটানি ডাকাডাকি ও হয়রানি বন্ধের নির্দেশ

/ ৫৬ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ॥

বরিশাল নদী বন্দরে যাত্রী টানাটানি, ডাকাডাকি, যাত্রী হয়রানিমূলক আচরণ এবং ব্যবসায়ীদের মধ্যে কলহ-বিবাদ বন্ধে কড়া নির্দেশনা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ২১ জুন শনিবার বিআইডব্লিউটিএর বরিশাল কার্যালয় থেকে সংশ্লিষ্ট ঘাট মালিক, প্রতিনিধি ও ব্যবসায়ী সংগঠনের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, ‘বরিশাল নদী বন্দরের বিভিন্ন ঘাটে কিছু শ্রমিক, এজেন্ট ও প্রতিনিধির মাধ্যমে যাত্রী আকর্ষণের জন্য অতিরিক্ত ডাকাডাকি, টানাটানি এবং হয়রানিমূলক আচরণের অভিযোগ পাওয়া যাচ্ছে। অনেক ক্ষেত্রে যাত্রী পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিনিধিদের মধ্যে কলহ-বিবাদও সৃষ্টি হচ্ছে। এসব কর্মকা-ে যাত্রীরা বিব্রত হওয়ার পাশাপাশি নদী বন্দরের স্বাভাবিক পরিবেশ ও সুনাম ক্ষুন্ন হচ্ছে।

বিআইডব্লিউটিএ প্রশাসন মনে করছে, যাত্রীসেবার মান উন্নয়ন এবং নদী বন্দরের শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকা- বন্ধ করা জরুরি। এজন্য সংশ্লিষ্ট মালিক, প্রতিনিধি ও শ্রমিকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ভবিষ্যতে যাত্রী টানাটানি, ডাকাডাকি, যাত্রী হয়রানিমূলক বক্তব্য প্রদান কিংবা ব্যবসায়ীদের মধ্যে কলহ-বিবাদ চলতে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে অভ্যন্তরীণ নৌপরিবহন অধ্যাদেশ, ১৯৭৬-এর প্রযোজ্য ধারায় ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক (নৌ-নিরাপত্তা) মোহাম্মদ সলেমান স্বাক্ষরিত চিঠির অনুলিপি নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ, বরিশাল বন্দর কর্তৃপক্ষ, নৌ-পুলিশ এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলোর কাছেও পাঠানো হয়েছে।
নদী বন্দর ব্যবহারকারী যাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিভিন্ন ঘাটে যাত্রী ধরার প্রতিযোগিতায় উচ্চস্বরে ডাকাডাকি, টানাটানি ও নানা ধরনের হয়রানির ঘটনা ঘটে আসছে। বিশেষ করে দূরপাল্লার লঞ্চ ও আঞ্চলিক নৌযানের যাত্রীদের লক্ষ্য করে এমন আচরণ প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। বিআইডব্লিউটিএর এ উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়িত হলে নদী বন্দরে শৃঙ্খলা ফিরে আসবে এবং যাত্রীসেবার মানও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এ বিষয়ে সহকারী পরিচালক বলেন, নোটিশে কাজ না হলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এজন্য অভিযুক্ত লঞ্চ মালিকের রুট পারমিটও বাতিল হতে পারে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com