নিজস্ব প্রতিবেদক ॥
বিআইডব্লিউটিএ’র বিরুদ্ধে ডায়াবেটিক হাসপাতালের জমি দখলের অভিযোগ উঠেছে। পুকুরটি নগরীর বান্দ রোডস্থ এ্যাড. হেমায়েত উদ্দিন আহমেদ ডায়াবেটিক হাসপাতালের পাশেই অবস্থিত। হাসপাতাল কর্তৃপক্ষের দাবী এই পুকুরের সাড়ে ৪১ শতাংশ জমি তাদের রেকর্ডীয় সম্পত্তি। কিন্তু বরিশাল বিআইডব্লিউটিএ এর নির্বার্হী প্রকৌশলীর দপ্তর পুকুরটি তাদের দাবী করে ভরাট শুরু করেছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে বরিশাল সিটি করপোরেশন ভরাট বন্ধ করে দিয়েছে। একই সাথে পরিবেশ অধিদপ্তরও ভরাট বন্ধের জন্য চিঠি দিয়েছে।
এ ঘটনা চাউর হওয়ার দু’দিন আগে বরিশাল টিবি হাসপাতালের জমি ভরাট করে দখলের অভিযোগ উঠে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে।
ডায়াবেটিক হাসপাতাল কর্তৃপক্ষ জানায়- হাসপাতালের সামনে ওই পুকুরটি অনেক বছর ধরে পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে। পুকুরটিতে জমির পরিমান প্রায় ১০০ শতক হবে।
এর মধ্যে সাড়ে ৪১ শতক জমি তাদের। যার নিয়মিত খাজনা পরিশোধ করে আসছেন তারা। কিন্তু মাসখানেক আগে থেকে হঠাৎ বিআইডব্লিউটিএ রাতের আধারে ট্রাক ভর্তি বালু এনে পুকুরটি ভরাট করা শুরু করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বরিশাল সিটি করপোরেশন ও পরিবেশ অধিদপ্তরে অভিযোগ দায়ের করলে ভরাট বন্ধ করে দেয়।
এ বিষয়ে জানতে বরিশাল বিআইডব্লিউটিএ এর নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন কে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।