বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
Logo
সর্বশেষ :

কচুরিপানার নিচে লুকিয়েও শেষ রক্ষা হলোনা চোরের, অবশেষে ধরা

/ ৪ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬

গৌরনদী প্রতিনিধি ।।

গল্পের থ্রিলার সিনেমাকেও হার মানাল বাস্তবের এই ঘটনা। চুরির দায়ে গ্রামবাসীর তাড়া খেয়ে খালের ঠাণ্ডা পানিতে, কচুরিপানার নিচে টানা সাড়ে তিন ঘণ্টা শুধু নাকটুকু জাগিয়ে লুকিয়ে রইলেন এক যুবক। কিন্তু বিধিবাম! প্রকৃতির নিয়মে শরীর সায় না দিলেও, শেষ রক্ষা আর হলো না। অবশেষে বুধবার ভোরে অর্ধ-অচেতন অবস্থায় উদ্ধার করা হলো তাকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পূর্ব শরিফাবাদ গ্রামে। আটক যুবকের নাম সুজন হাওলাদার (৩২)।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে। পূর্ব শরিফাবাদ গ্রামের ব্যবসায়ী ইউনুস হাওলাদারের বন্ধ দোকানের টিনের বেড়া সন্তর্পণে কাটতে শুরু করে সুজন। ভেবেছিল কাজ সেরে নির্বিঘ্নে কেটে পড়বে। কিন্তু স্থানীয় বাসিন্দা সজীব হাওলাদার তা টের পেয়ে যান। তাঁর এক চিৎকারেই যেন পুরো গ্রামের ঘুম ভেঙে যায়।

জেগে ওঠা গ্রামবাসীদের মারমুখী তাড়া খেয়ে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড় দেয় সুজন। পালানোর পথ না পেয়ে সোজা ঝাঁপিয়ে পড়ে দোকানের পাশের এক খালে।

গ্রেপ্তারের ভয়ে খালের ঘন কচুরিপানার নিচে নিজেকে সম্পূর্ণ ডুবিয়ে দেয় সুজন। শুধু নিঃশ্বাস নেওয়ার জন্য নাকটুকু পানির ওপর জাগিয়ে রাখে। ঘড়ির কাঁটায় তখন ভোর সাড়ে ৩টা।

এদিকে গ্রামবাসীও দমবার পাত্র নন। চোরের খোঁজে টর্চের আলো ফেলে খালের চারপাশে চলে চিরুনি তল্লাশি। ওদিকে পানির নিচে শীতে ও ভয়ে কাঁপতে কাঁপতে সময়ের সাথে যুদ্ধ করতে থাকে সুজন। অবশেষে টানা সাড়ে তিন ঘণ্টার লুকোচুরি শেষে, ভোর সাড়ে ৬টার দিকে কচুরিপানার জঙ্গল থেকে তাকে খুঁজে বের করে জলজ্যান্ত আবিষ্কার করে গ্রামবাসী। দীর্ঘ সময় পানির নিচে থাকায় সুজন মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। গণপিটুনি না দিয়ে গ্রামবাসী দেখাল মানবিকতা।

স্থানীয় ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন জানান, “যুবকের শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। তাই মানবিক দিক বিবেচনা করে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য তার বড় ভাইয়ের জিম্মায় দেওয়া হয়েছে। তবে ছাড় পাওয়ার সুযোগ নেই; সে সুস্থ হলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, ঘটনাটি এখনো থানায় কেউ আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে লিখিত অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com