শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
Logo

নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ

/ ২৭ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

ইজিবাইক চালক নাজমুল হত্যার পাঁচ মাস পেরিয়ে গেলেও মামলার প্রধান আসামিদের গ্রেপ্তার না করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন এলাকাবাসী এবং রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

সংগ্রাম পরিষদের ২৬ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি কবির খানের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনের বরিশাল জেলা শাখার সংগঠক রমজান আকন। বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব ও বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক কমরেড ডা. মনীষা চক্রবর্তী, ২৬ নম্বর ওয়ার্ড শাখার সদস্য মো. জসীম উদ্দিন, গ্লোবাল ক্যাপসুল লিমিটেড শ্রমিক ইউনিয়নের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শাহাদাত, নিহতের বাবা মো. রসিদ মোল্লা, মা সালমা বেগম, স্ত্রী নিপা বেগম এবং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন।

বক্তারা জানান, ১৩ জুন থেকে ইজিবাইক চালক নাজমুল নিখোঁজ ছিলেন। ১৫ জুন কালিজিরা নদীর পাড়ে মুন্সিবাড়ির সামনে তার বস্তাবন্দি মরদেহ পাওয়া যায়। হত্যাকাণ্ডের পাঁচ মাস পেরিয়ে গেলেও প্রধান আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ন্যায়বিচার পাওয়া নিয়ে তার পরিবার উদ্বিগ্ন।

বক্তারা অভিযোগ করেন, হত্যায় অভিযুক্ত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে নাজমুলের স্বজনদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে, যাতে তারা এলাকা ছেড়ে চলে যান। এ পরিস্থিতিতে পরিবারের নিরাপত্তা নিশ্চিত ও মামলার তদন্তে অগ্রগতি আনতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন তাঁরা।

সমাবেশে বক্তারা হত্যার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি নাজমুলের নয় মাস বয়সী কন্যাসন্তানের ভরণপোষণ ও ভবিষ্যতের দায়িত্ব নিতে সরকারের প্রতি দাবি জানান তারা।

সমাবেশস্থল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com