পিরোজপুর প্রতিনিধি ।।
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন বলেছেন, গত ১৮ বছরে মানবসম্পদ গড়ে তোলার পরিবর্তে আগের সরকার ‘মেগা দুর্নীতিতে’ ব্যস্ত ছিল। ফলে হাসপাতালসহ বিভিন্ন সেবাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় জনবলের ঘাটতি তৈরি হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) রাতে পিরোজপুর জেলা সদর হাসপাতাল পরিদর্শনের সময় চিকিৎসক ও জনবলসংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আগের সরকার বড় বড় অবকাঠামো নির্মাণ করলেও সেগুলো পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল তৈরি ও নিয়োগে গুরুত্ব দেয়নি। মেডিকেল কলেজ থেকে পাস করা শিক্ষার্থীদের সরকারি চাকরিতে নিয়োগের বিষয়েও যথাযথ পরিকল্পনা ছিল না বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, এ ঘাটতি পূরণে সরকার কাজ করছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে প্রায় পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসকসংকট কিছুটা কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের প্রায় সব উপজেলাতেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ঘাটতি রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বাস্থ্য মন্ত্রণালয় এ সংকট কাটিয়ে উঠতে কাজ করছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মতিউর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি গাজী ওবায়দুজ্জামান লাভলু, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিনসহ অন্যরা।