বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
উজিরপুরে শ্রমিকদল নেতা জিয়া আমিনের নেতৃত্বে সরকারি গাছ লুটের অভিযোগ ভোলায় ২৯০ বস্তা সরকারি সার জব্দ, গোডাউন সিলগালা ব্যাবসায়ী নাসিরের মামলা: পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি যৌতুকের দাবিতে গৃহবধূর হাত-পায়ের রগ কর্তন, প্রধান আসামি গ্রেফতার নিষেধাজ্ঞা শেষে ধরা পড়া ৯৫ শতাংশই ডিমওয়ালা ইলিশ ১৭ বছরেও পাননি বাবার সম্পদ, ৭ হাজার ৪৬১ কোটির দাবিতে গেলেন আদালতে ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, ব্ল্যাকমেলের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার এইচএসসির অকৃতকার্যদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক তৈয়বুর রহমান ওএসডি

বরিশাল বিএম কলেজের ছাত্রাবাসের সড়ক নির্মাণ দ্রুত শেষ করার দাবি, বহিরাগত ঠেকাতে স্মারকলিপি

/ ৬৩ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের (বিএম কলেজ) অশ্বিনীকুমার ছাত্রাবাসের সড়ক নির্মাণকাজ দ্রুত শেষ করা, নিরাপত্তা নিশ্চিত করতে বহিরাগতদের প্রবেশ ঠেকানোসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে ছাত্রাবাসের অর্ধশতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে কলেজ অধ্যক্ষের কাছে গিয়ে স্মারকলিপি দেন।

সম্প্রতি ছাত্রাবাসের সড়ক নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এরই পরিপ্রেক্ষিতে তাঁরা এ কর্মসূচি পালন করেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ছাত্রাবাসের নিরাপত্তা, যাতায়াতের সুবিধা এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে কয়েকটি পদক্ষেপ নেওয়া জরুরি। তাঁদের চার দফা দাবির মধ্যে রয়েছে—ছাত্রাবাসে যাতায়াতের সুবিধা ও জলাবদ্ধতা নিরসনে সড়ক নির্মাণকাজ দ্রুত শেষ করা, বহিরাগতদের প্রবেশ ঠেকাতে ছাত্রাবাসে ফটক নির্মাণ, বার্ষিক শিক্ষা সফরের আয়োজন এবং খেলাধুলার জন্য মাঠের ব্যবস্থা করা।

অশ্বিনীকুমার ছাত্রাবাসের এ ব্লকের আবাসিক শিক্ষার্থী ও বাংলা বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের শিক্ষার্থী আকবর মুবিন বলেন, অর্ধশতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে অধ্যক্ষের কাছে গিয়ে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে ফটক নির্মাণসহ কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাঁর অভিযোগ, বহিরাগতরা ইতিমধ্যে তিন থেকে চারবার ছাত্রাবাসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।

তিনি আরও বলেন, সর্বশেষ গত ২৯ অক্টোবর রাতে ছাত্রাবাসে একটি সভা চলাকালে বহিরাগতরা বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এ সময় সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করা হয়। এ ছাড়া ছাত্রাবাসের সড়ক নির্মাণকাজ কেন বন্ধ রয়েছে, তা জানতে চেয়েছেন শিক্ষার্থীরা। দ্রুত কাজ শেষ করার দাবি জানিয়েছেন তাঁরা। সড়ক নির্মাণকাজ বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করেই গত ২৬ ও ২৯ অক্টোবর ছাত্রাবাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বলে জানান তিনি।

বিএম কলেজের ছাত্রাবাসে গভীর রাতে উত্তেজনা, মুখোমুখি ছাত্রদল ও শিক্ষার্থীরা
এ বিষয়ে বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের আহমেদ বলেন, রোববার অশ্বিনীকুমার ছাত্রাবাসের শিক্ষার্থীরা এসে স্মারকলিপি দিয়েছেন এবং তাঁদের বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন। শিক্ষকদের সঙ্গে আলোচনা করে ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সড়ক নির্মাণকাজ বন্ধ হওয়ার বিষয়ে তিনি বলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীদের এ বিষয়ে তাগাদা দেওয়া হচ্ছে। বহিরাগতদের প্রবেশ ঠেকাতেও ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে ক্যাম্পাসে যানবাহন প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, নিম্নমানের নির্মাণকাজের অভিযোগ তুলে গত ২৬ অক্টোবর সন্ধ্যায় বিএম কলেজের অশ্বিনীকুমার ছাত্রাবাসের সড়ক নির্মাণকাজ বন্ধ করে দেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জুবায়ের হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই দফায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল নেতাদের মুখোমুখি অবস্থান ও উত্তেজনার সৃষ্টি হয়। গত ২৯ অক্টোবর এ নিয়ে ‘বিএম কলেজের ছাত্রাবাসে গভীর রাতে উত্তেজনা, মুখোমুখি ছাত্রদল ও শিক্ষার্থীরা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com