রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
Logo

বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে রাতে আটক, বিকালে মৃত্যু

/ ৬১ বার পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

বাকেরগঞ্জ প্রতিনিধি ।।

মাদকবিরোধী অভিযান থেকে বরিশালের বাকেরগঞ্জে থানা পুলিশের হেফাজতে নেওয়া নাদিয়া বেগম (৩৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

 

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকালে বরিশাল কারাগারে পাঠানোর প্রক্রিয়াকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নাদিয়া। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বর্তমানে তার লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠী গ্রাম থেকে নাদিয়া বেগমকে গ্রেফতার করা হয়।

 

পরে সকালে বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার নাদিয়ার কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে। তবে নাদিয়ার পরিবারের দাবি, গ্রেফতারের সময় তার কাছ থেকে কোনো মাদক পাওয়া যায়নি।

 

নিহত নাদিয়ার স্বামী এনামুল হক মন্টু গাজী অভিযোগ করে বলেন, গ্রেফতারের পর নাদিয়াকে থানায় নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এ নির্যাতনের কারণেই তার স্ত্রীর মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি।

 

নাদিয়ার পরিবারের দাবি, গ্রেফতারের সময় তার কাছ থেকে কোনো মাদক উদ্ধার করা হয়নি। নাদিয়ার আড়াই বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

এ বিষয়ে বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মাসুম বিল্লাহ জানান, বাকেরগঞ্জে ধারাবাহিকভাবে মাদকবিরোধী অভিযান চলছে। এরই অংশ হিসেবে নাদিয়া বেগমকে আটক করা হয়েছিল। আটকের পর জেলহাজতে পাঠানোর আগে তিনি অসুস্থ হয়ে মারা যান।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাদিয়ার সঙ্গে থাকা মাদক (ইয়াবা) সেবনের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত ও চিকিৎসকের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাসুম বিল্লাহ বলেন, মাদকসহ কেউ আটক হলে এ নিয়ে অনেক ধরনের কথা ছড়ায়। তবে নাদিয়ার মৃত্যুর প্রকৃত কারণ এবং পুলিশ হেফাজতে তার ওপর কোনো ধরনের নির্যাতন হয়েছিল কি না, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই স্পষ্ট হবে।

 

মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। মাদক নির্মূলে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com